ঢাকা চেম্বারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ জেফরি ডেভিড স্যাকস
আশাবাদী হওয়ার মতো বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে। বাংলাদেশের অর্থনীতি খুবই আশাবাদী হওয়ার মতো। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। এ দেশে এখন ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে। এর ফলে আরও এগিয়ে যাওয়ার অনেক সুযোগ তৈরি হচ্ছে। প্রবৃদ্ধি টেকসই করতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এসব খাতে মানসম্পন্ন উন্নতি হতে হবে।
বাংলাদেশ নিয়ে এমন আশাবাদের কথা শোনালেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও খ্যাতনামা অর্থনীতিবিদ জেফরি ডেভিড স্যাকস। রাজধানীর র্যাডিসন হোটেলে গত বুধবার রাতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত দিনব্যাপী ‘নতুন অর্থনৈতিক চিন্তা: বাংলাদেশ ২০৩০ ও পরবর্তীকাল’ শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি স্কাইপেতে তিনি সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
জেফরি ডেভিড স্যাকস মনে করেন, বিশ্বের বড় দুটি অর্থনীতি ভারত ও চীনের মাঝামাঝি ভৌগোলিক অবস্থান নিয়ে বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। এটিও বাংলাদেশের জন্য বিশাল সুযোগ।
এই অর্থনীতিবিদ আরও বলেন, তৈরি পোশাক ছাড়াও সেবা খাত, ওষুধ, পর্যটন ও কৃষি প্রক্রিয়াজাতকরণে ভালো করতে পারে বাংলাদেশ। তাঁর মতে, বাংলাদেশে এখন দ্রুত নগরায়ণ হচ্ছে। এটি অর্থনীতিতে নতুন নতুন সুযোগ তৈরি করছে।
অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায়ের পরিমাণ অত্যন্ত কম—এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুর্বল দিক বলে মনে করেন জেফরি স্যাকস। তিনি বলেন, রাজস্ব-জিডিপি অনুপাত মাত্র ১১ শতাংশ। এটি বৃদ্ধি করতে হবে। তা না হলে অগ্রাধিকার খাতগুলোয় বিনিয়োগের জন্য বরাদ্দ রাখা চ্যালেঞ্জ হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, যুক্তরাজ্যে পার্লামেন্টের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, নেদারল্যান্ডসের শিল্পী ড্যান রোজেগার্ডে।
মসিউর রহমান বলেন, টেকসই উন্নয়নের সুফল সবাইকে পেতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন বৈজ্ঞানিক পদ্ধতিতে হতে হবে। তাঁর মতে, এসডিজিতে একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে হবে। এর ফলে জটিল ফলাফল আসতে পারে।
বিনিয়োগের ওপর জোর দিয়ে রুশনারা আলী বলেন, ‘বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি যে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ অব্যাহত থাকবে; এমনকি বাড়বেও।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য প্রতিনিধিদলের সদস্য হিসেবে সফররত রুশনারা আলী জানান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন সরকার প্রথম জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় তহবিল গঠন করে। সেখান থেকে বাংলাদেশ অর্থ পেয়েছে। ভবিষ্যতে আরও অর্থ পাবে বাংলাদেশ। এ ছাড়া বিভিন্ন অবকাঠামো খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ অব্যাহত থাকবে।
নেদারল্যান্ডসের রোজেগার্ডে স্টুডিওয়ের স্বত্বাধিকারী ড্যান রোজেগার্ডে টেকসই উন্নয়নে সৃজনশীল উদ্ভাবনের ওপর জোর দেন। এ সময় তিনি বায়ু দূষণমুক্ত পরিবেশ, সৌরশক্তি থেকে গাড়ির জ্বালানি ব্যবহারসহ বেশ কিছু উদ্ভাবনের উদাহরণ দেন। তাঁর মতে, ২০২০ সালের জন্য যেকোনো উন্নয়ন পরিকল্পনায় তিনটি বিষয়কে প্রাধান্য দিতে হবে। এগুলো হলো জটিল সমস্যার সমাধান; চিন্তার বৈচিত্র্য এবং সৃজনশীলতা।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের বেসরকারি খাতের ব্যবসায়ীরা এখন দীর্ঘমেয়াদি লক্ষ্যের কথা চিন্তা করেন। বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার পরবর্তী উদীয়মান শক্তি। অর্থনীতির পুরো সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।