আশার কথা আছে, পথনির্দেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় বেসরকারি বিনিয়োগ আরও কমেছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ ছিল ২২ দশমিক ০৭ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে তা কমে হয়েছে ২১ দশমিক ৭৮ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও বেসরকারি বিনিয়োগের এই দুরবস্থার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমার স্বীকার করতে দ্বিধা নেই, নানা প্রতিবন্ধকতার কারণে ব্যক্তি খাতের বিনিয়োগ কয়েক বছর ধরে জিডিপির ২১-২২ শতাংশের মধ্যেই সীমিত রয়েছে।’

উদ্যোক্তাদের বড় দাবি ছিল, বেসরকারি বিনিয়োগের এই স্থবিরতা থেকে মুক্তি দিতে বাজেটে যথাযথ ব্যবস্থা থাকুক। অর্থমন্ত্রী বলেছেনও বিনিয়োগের প্রতিবন্ধকতার কথা। কিন্তু এখন উদ্যোক্তারা বলছেন, আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এমন কোনো ঘোষণা নেই, যাতে বিনিয়োগ বাড়তে পারে। বাজেটে বেসরকারি বিনিয়োগ নিয়ে আশার অনেক কথা আছে, কিন্তু আশাপূরণের পথের কথা বলা নেই।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম মনে করেন, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে কোনো নির্দেশনা নেই বাজেটে।

বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক অনিশ্চয়তার কথা যদি বাদও দিই, বড় আকারের বিনিয়োগের জন্য দরকার মূলত গ্যাস, বিদ্যুৎ ও জমি। বিদ্যুতের উৎপাদন বাড়লেও অন্য দুই সমস্যার সমাধান এখনো হয়নি। খুবই স্বাভাবিক যে প্রত্যাশামাফিক বিনিয়োগ হবে না, হয়ওনি।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো—বিবিএসের তথ্য অনুযায়ী, এক দশক আগে ২০০৫-০৬ অর্থবছরে জিডিপির তুলনায় বিনিয়োগ ছিল ২৬ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে ব্যক্তি খাতের বিনিয়োগ ছিল ২০ দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের শেষ দিকে বিনিয়োগের অবস্থা যা ছিল, এখনো প্রায় তা-ই আছে। মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরেও বিনিয়োগ পরিস্থিতি বদলায়নি। আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদের ১০ বছরের আট বছর হতে চলেছে। কিন্তু বিনিয়োগ, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ আটকে আছে ওই একই জায়গায়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম অবশ্য অন্যভাবে দেখতে চেয়েছেন বিষয়টিকে। প্রথম আলোকে তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের অভাব তো আছেই, দুর্নীতির সূচক ও ব্যবসায়ের খরচ (কস্ট অব ডুয়িং বিজনেস) সূচকেও বাংলাদেশের অবস্থান নিচের দিকে। বিনিয়োগ না বাড়ার জন্য এগুলোও বড় কারণ।

বিনিয়োগের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে জিডিপির প্রবৃদ্ধির হারের। বিনিয়োগ বাড়লে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ে, প্রবৃদ্ধির হার তো বাড়েই। আবার বেসরকারি খাতের ঋণপ্রবাহের সঙ্গে সম্পর্ক রয়েছে বিনিয়োগের। অর্থমন্ত্রী মনে করেন, বিনিয়োগ না বাড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রয়োজন অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ দিতে না পারা।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ‘ব্যক্তি খাতে বিনিয়োগ প্রতিবন্ধকতা দূর করতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছি এবং ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’

বক্তব্যে এ ছাড়া আরও কিছু আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘আশার বিষয় হচ্ছে, বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত কিছু সূচকে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। ব্যক্তি খাতে বিনিয়োগের স্থবিরতা কেটে যাচ্ছে বলে মনে হয়।’

অর্থমন্ত্রীর এই ‘মনে হওয়া’র কিছুটা সত্যতা পাওয়া যায় বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বিবেচনায় নিলে। জানুয়ারি-জুন সময়ের জন্য বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি করেছে, তাতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। কিন্তু আগের বছরের এপ্রিলের সঙ্গে এ বছরের এপ্রিলের তুলনা করে বাংলাদেশ ব্যাংক দেখেছে, এক বছরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, প্রতিকূলতা সত্ত্বেও বিনিয়োগ যে হচ্ছে না, তা নয়। তবে যে হারে হওয়ার দরকার, তা হচ্ছে না। একটাও যদি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হতো, ঢাকা-চট্টগ্রাম চার লেনটা যদি হয়ে যেত, বিদ্যুতের বড় কোনো প্রকল্প যদি করা হতো, বিনিয়োগকারীরা তখন আস্থা রাখতে পারতেন।

আস্থাহীনতার কথা বলছেন অবশ্য ব্যবসায়ীরাও। আবাসন খাতের মালিকদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন সরাসরিই বলেছেন, অর্থমন্ত্রীর বক্তব্যে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা থাকলেও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রণোদনার কোনো কথা নেই।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, উৎপাদনে যাওয়ার দু-তিন বছরের মধ্যে কোনো কারখানা লাভের মুখ দেখে না। নতুন কারখানার জন্য দরকার তাই অন্তত পাঁচ বছরের কর অবকাশ সুবিধা। কিন্তু বাজেটে সে ধরনের কিছু নেই।