পদ্মা সেতুর আশায় দক্ষিণাঞ্চলের মানুষের পাশাপাশি অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের বড় বড় শিল্প গ্রুপ। এরই মধ্যে এসব শিল্পপ্রতিষ্ঠান খুলনা ও মংলা এলাকায় বিপুল অর্থ বিনিয়োগও করেছে। কিনেছে শত শত বিঘা জমি।
কিন্তু সাধারণ মানুষের মতো এসব উদ্যোক্তারও স্বপ্নভঙ্গ হয়েছে। শিল্প স্থাপনের আশায় জমিতে বিনিয়োগ করেও ফেঁসে গেছে কোনো কোনো শিল্প গ্রুপ। দক্ষিণাঞ্চলের শিল্পনগর হিসেবে খ্যাত খুলনা ও মংলা এলাকা সরেজমিনে ঘুরে এবং স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। জানা যায়, পদ্মা সেতু ও মংলা বন্দরের উন্নয়ন মাথায় রেখে শিল্প স্থাপনে মংলা বন্দর ও তার আশপাশের এলাকার জমি কিনেছে দেশের প্রায় ২০টি শিল্প গ্রুপ। কিন্তু সেতু নির্মাণের অনিশ্চয়তা তাদের এ বিনিয়োগকে সংশয়ের মুখে ফেলেছে। এজন্য বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন তাঁরা।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগের সঙ্গে সঙ্গে এ অঞ্চলে জমি কেনা শুরু করে এসব শিল্প গ্রুপ। এদের মধ্যে ওরিয়ন গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ, করিম গ্রুপ, মীর গ্রুপ, ইনডেক্স গ্রুপ, সিকদার গ্রুপ, নাভানা গ্রুপ, সুন্দরবন শিপইয়ার্ড, কে ডি এস লজিস্টিকস, বীকন এলপিজি, উত্তরা মটরস করপোরেশন, মংলা সিমেন্ট, ফ্রেশ শিপইয়ার্ড, লিথি গ্রুপ, সানমেরিন শিপইয়ার্ড, সাইফ শিপবিল্ডিং, ফমকম গ্রুপ রয়েছে।
এ ছাড়া এরই মধ্যে এ এলাকায় শিল্প স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ, হোলসিম সিমেন্ট, ওমেরা পেট্রোলিয়াম, দুবাই বাংলাদেশ সিমেন্ট ও ব্যাগ ফ্যাক্টরি, পিটার পেট্রোলিয়াম। এ অঞ্চলের উন্নয়নের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের আরও ব্যবসা প্রসারের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
দেশের বড় শিল্প গ্রুপগুলোর এ বিনিয়োগপ্রবণতার কারণে গত তিন-চার বছরের ব্যবধানে এ অঞ্চলে জমির দাম ৩০ থেকে ৩৫ গুণ বেড়ে গেছে। বলতে গেলে রাতারাতিই এ অঞ্চলে জমির দাম বেড়েছে। এর ফলে স্থানীয়ভাবে গড়ে উঠেছে জমির দালালশ্রেণী। তবে সেতু অনিশ্চয়তায় পড়লে জমি কেনাবেচায়ও কিছুটা স্থবিরতা নেমে এসেছে।
সরেজমিনে খুলনা-মংলা সড়কের বিশেষত মংলা বন্দরসংলগ্ন ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুই ধারের জমিতে বড় বড় শিল্প গ্রুপের সাইনবোর্ড দেখা যায়। বর্তমানে এসব জমি চিংড়িঘের ও শস্য জমি হিসেবে ব্যবহূত হচ্ছে।
মংলা বন্দরসংলগ্ন দিগরাজ মহিদারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অনির্বাণ হালদার জানান, তাঁর এলাকায় কোনো কোনো শিল্প গ্রুপ পাঁচ একর থেকে শুরু করে ৩০০ একর পর্যন্ত জমি কিনেছেন। গত তিন-চার বছরে এ জমি কেনার প্রবণতা সবচেয়ে বেশি ছিল বলে জানান ইউপি চেয়ারম্যান।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তিন-চার বছর আগেও দিগরাজ মহিদারা ইউনিয়নভুক্ত খুলনা-মংলা সড়কের দুই ধারের জমির বিঘাপ্রতি দাম ছিল ৬০ থেকে ৭০ হাজার টাকা। আর মূল সড়ক থেকে কিছুটা ভেতরের দিকে বিঘাপ্রতি জমির দাম ছিল ৩০ থেকে ৪০ হাজার টাকা। কয়েক বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১০ থেকে ২৫ লাখ টাকা। অর্থাৎ তিন-চার বছরের ব্যবধানে এ এলাকায় জমির দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ গুণ।
জানতে চাইলে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, মংলা বন্দরের সুবিধা ও পদ্মা সেতু সামনে রেখে কয়েক বছর আগে শিল্প স্থাপনের জন্য এ এলাকায় জমি কেনা হয়েছে, যা এখনো চলছে। প্রয়োজনীয় জমি কেনা সম্পন্ন হলে শুরু হবে শিল্প স্থাপনের কাজ।
একাধিক শিল্প স্থাপনের উদ্দেশ্যে জমি কেনা হলেও পদ্মা সেতুর অনিশ্চয়তার কারণে কিছু শিল্প স্থাপনের কাজ এখনই শুরু করা সম্ভব হবে না বলে জানান মীর নাসির হোসেন। তবে মংলা বন্দরের সুবিধা কাজে লাগিয়ে বিদ্যুৎকেন্দ্র ও এলপিজি প্ল্যান্ট স্থাপনের কাজ আগে শুরু করা হবে বলে তিনি জানান।
ওরিয়ন গ্রুপের পরিচালক সালমান করিম বলেন, পদ্মা সেতুর অনিশ্চয়তা শিল্প স্থাপনের পরিকল্পনাকে কিছুটা বাধাগ্রস্ত করেছে। বেশ কিছু শিল্প স্থাপনের লক্ষ্যে জমি কেনা হলেও এখনই সব শিল্প স্থাপনের কাজ শুরু করা হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত এলপিজি প্ল্যান্ট ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে তাঁরা এগোচ্ছেন বলে জানান।
কেডিএস লজিস্টিকসের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোদাচ্ছের সিদ্দিকী জানান, প্রত্যেক শিল্প গ্রুপ দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে তাদের ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করে থাকে। ঠিক তেমনি পদ্মা সেতুর মতো বড় উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে শিল্প স্থাপনের লক্ষ্যে মংলাসংলগ্ন এলাকায় জমি কিনেছে কেডিএস লজিস্টিকস।
শুধু মংলা বন্দরসংলগ্ন এলাকা নয়, খুলনার রূপসা সেতুর পর মংলা ও বাগেরহাট সড়কের দুই পাশেও শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগের প্রমাণ মিলেছে সরেজমিনে। খুলনার একাধিক শিল্পপতি জানান, পদ্মা সেতুকে ঘিরে এই অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে।