আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে ত্রিপুরায় দ্বিতীয় দফা চাল যাওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুগঞ্জে ট্রানশিপমেন্ট–সুবিধা নিয়ে দ্বিতীয় দফায় ভারতের পাঁচ হাজার টন চালের প্রথম চালান নিয়ে আখাউড়া হয়ে ট্রাক ঢুকছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় l দুলাল ঘোষ, আখাউড়া
আশুগঞ্জে ট্রানশিপমেন্ট–সুবিধা নিয়ে দ্বিতীয় দফায় ভারতের পাঁচ হাজার টন চালের প্রথম চালান নিয়ে আখাউড়া হয়ে ট্রাক ঢুকছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় l দুলাল ঘোষ, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল পরিবহন শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে পাঁচ হাজার মেট্রিক টন চাল পরিবহনের প্রথম দিনে চারটি ট্রাকে করে মোট ৭২ টন চাল আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে জাহাজগুলো মংলা বন্দর অতিক্রম করে গতকাল বেলা তিনটায় আশুগঞ্জ নৌবন্দরে এসে নোঙর করে। গতকাল সকালে এমভি দত্তপাড়া-১ জাহাজ থেকে চাল খালাস করে ট্রাকে তোলা হয়। এই চাল ভারতের ত্রিপুরা রাজ্যের নন্দনপুরে ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্যগুদামে পৌঁছানো হবে। এর আগে গত আগস্ট মাসে একই পথে আরও পাঁচ হাজার মেট্রিক টন চাল ত্রিপুরায় নেওয়া হয়।
আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ভারত-বাংলাদেশ সরকারের মধ্যে নৌ প্রটোকল চুক্তি হয়। ওই চুক্তির আওতায় বিনা শুল্কে ১০ হাজার টন খাদ্যপণ্য ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে কার্যাদেশ দেওয়া হয়।
বাংলাদেশের ৪০০ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়কপথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ১০ হাজার টন খাদ্যপণ্য ত্রিপুরা নিয়ে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার।
ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজ আগস্ট মাসে প্রথম চালানের পাঁচ হাজার মেট্রিক টন চাল ত্রিপুরায় পাঠায়। বাকি পাঁচ হাজার টন চাল নিয়ে চারটি কার্গো জাহাজ ৬ অক্টোবর কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশে ছেড়ে আসে। ১৩ অক্টোবর চারটি জাহাজ বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে।
পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজের লজিস্টিক ব্যবস্থাপক মো. নুরুজ্জামান দুপুরে জানান, চারটি ট্রাকে করে প্রায় এক হাজার ৪৪০ বস্তা চাল আগরতলায় পৌঁছে গেছে। তিনি আরও জানান, কলকাতা ডায়মন্ড হারবার পোর্ট থেকে এমভি গালফ-৩, এমভি গালফ-৭, এমভি দত্তপাড়া ও এমভি রাইড-১ নামের চারটি জাহাজে করে প্রায় পাঁচ হাজার টন মেট্রিক টন গত রোববার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছে। এই চাল ভারতের ত্রিপুরার রাজ্য সরকারের খাদ্যগুদামে বাংলাদেশি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।
আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মো. শাহ আলম প্রথম আলোকে জানান, জাহাজ থেকে এসব চাল খালাস করে চারটি ট্রাকে তুলে সকালে ভারতের ত্রিপুরার উদ্দেশে পাঠানো হয়। প্রতি ট্রাকে ৩৬০ বস্তা করে চাল তোলা হয়। দ্বিতীয় দফার প্রথম দিনে মোট ৭২ টন চাল ত্রিপুরায় পাঠানো হয়েছে। তিনি জানান, ট্রাক ও শ্রমিকের ঘাটতি রয়েছে সব চাল পাঠাতে সময় লাগবে। তিনি জানান, এই চাল পরিবহন করতে দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে।