আশুগঞ্জ দিয়ে আগরতলায় খাদ্যশস্য নিতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পণ্য নিতে চায় ভারত। তবে এবারের পণ্য হলো ১০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য। এ জন্য কোনো ধরনের মাশুল কিংবা ব্যাংক গ্যারান্টিও দিতে চায় না ভারত। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন গত ২৩ জানুয়ারি এক চিঠিতে এ অনুরোধ জানায়। ভারতের অনুরোধের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে নৌপরিবহন মন্ত্রণালয়।ভারতীয় হাইকমিশনের চিঠিতে ত্রিপুরার মানুষের মানবিক কারণ দেখিয়ে আশুগঞ্জ নৌবন্দর হয়ে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ১০ হাজার টন খাদ্য নেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ অনুরোধ করা হয়েছে। পরে চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি ভারতের অনুরোধটি বিবেচনার জন্য নৌ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। একই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীকে দেওয়া হয়। তবে ট্রানজিট-সংক্রান্ত কোর কমিটির অন্যতম সদস্য ও যোগাযোগ বিশেষজ্ঞ এম রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আশুগঞ্জ নৌবন্দর হয়ে সড়কপথে আগরতলায় যাওয়ার মতো অবকাঠামো নেই। তাই অবকাঠামো সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত পণ্য পরিবহন সুবিধা না দেওয়াই যুক্তিযুক্ত।’ রহমত উল্লাহ আরও বলেন, ট্রানজিটের আওতায় এখনো মাশুল চূড়ান্ত হয়নি। তবে ব্যাংক গ্যারান্টি দেওয়া থাকলে পরে মাশুল আরোপ হলে তা কেটে রাখা যবে। তাই ব্যাংক গ্যারান্টি ছাড়া এ পথটি ব্যবহার করার সুযোগ দেওয়া ঠিক হবে না। যোগাযোগ করা হলে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, এর আগেই নৌ প্রটোকলের আওতায় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে ১০ হাজার টন খাদ্যশস্য নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। এখন নৌ মন্ত্রণালয় সেই অনুমোদন দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় নৌ ও সড়কপথে বিনা মাশুলে এ বিপুল পরিমাণ পণ্য আগরতলায় নিতে চায় ভারত। পশ্চিমবঙ্গের কল্যাণীয়া থেকে এ খাদ্যশস্য আসবে। এ খাদ্যশস্য পরিবহনে যে রুট চাওয়া হয়েছে তা হলো কলকাতা-শেখবাড়িয়া (খুলনা)-চাঁদপুর-নারায়ণগঞ্জ-আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা। এর মধ্যে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে আসবে। আর আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া পর্যন্ত বাকি প্রায় ৫০ কিলোমিটার সড়কপথে পরিবহন করা হবে। এর আগে গত জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত নৌসচিব পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে এ পথে ১০ হাজার টন খাদ্যশস্য পরিবহনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু গত ছয় মাসে বাংলাদেশ তাতে রাজি হয়নি। এমন প্রেক্ষিতে গত জানুয়ারি মাসে ভারতের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়। প্রসঙ্গত, এ পথটি নৌ প্রটোকলের আওতায় এখনো আনুষ্ঠানিভাবে চালু করা হয়নি। ভারতের পক্ষ থেকে এ বহুমাত্রিক ব্যবস্থায় পণ্য পরিবহনের প্রস্তাব দেওয়া হয়েছিল।