আশুগঞ্জে কনটেইনার নদীবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪৬ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জে কনটেইনার নদীবন্দর নির্মাণ করা হচ্ছে। ট্রানজিট ও ট্রানশিপমেন্ট সুবিধা দিতে ভারতীয় পণ্য পরিবহনে এই বন্দর ব্যবহার করা হবে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গতকাল মঙ্গলবার প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ঢাকায় শেরেবাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২১৯ কোটি টাকা পাওয়া যাবে ভারতীয় ঋণ হিসেবে। আর স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে সাড়ে ২৭ কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মেঘনা নদীর তীরে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের কাজ শেষ হবে ২০১৩ সালের জুন মাস নাগাদ। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।একনেকের বৈঠক শেষে প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান, আপাতত বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্যসুবিধা বাড়াতেই আশুগঞ্জ কনটেইনার নদীবন্দর নির্মাণ করা হচ্ছে। তবে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি হওয়ার পরই বোঝা যাবে এটি কতটা কাজে লাগবে।গতকালের একনেকের বৈঠকে মোট দুই হাজার ৩১৮ কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে এক হাজার ৩৯১ কোটি টাকা, আর প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে ৯২৭ কোটি টাকা। একনেকে অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো: ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ (সংশোধিত), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ইনডোর প্রশিক্ষণের জন্য সিনথেটিক টার্ফসহ বেইলম্যান হ্যাঙ্গার নির্মাণ, গোপালগঞ্জ জেলা সদরে সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ, শেখ কামাল স্টেডিয়ামের উন্নয়ন, পুরোনো জেলা স্টেডিয়ামের মেরামত ও সংস্কার এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, দুটি নতুন জেলা স্টেডিয়াম (চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলা) স্থাপন, জেলা স্টেডিয়ামগুলো (ময়মনসিংহ, নাটোর, টাঙ্গাইল ও ফরিদপুর) এবং দুটি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের (খুলনা ও রাজশাহী) অধিকতর উন্নয়ন।