আশুগঞ্জে দ্বিতীয় ইউরিয়া সার কারখানা স্থাপনের উদ্যোগ
দেশের ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা জোরদারের লক্ষ্যে দৈনিক সাড়ে তিন হাজার টন উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সারের একটি নতুন কারখানা স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে আশুগঞ্জে অবস্থিত ইউরিয়া সার কারখানাসংলগ্ন ২৪০ একর খালি জায়গায় দ্বিতীয় ‘আশুগঞ্জ ইউরিয়া ফার্টিলাইজার কারখানা’ নামে এটি স্থাপন করা হবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকা।গতকাল সোমবার বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিজস্ব উদ্যোগে তহবিল সংগ্রহের মাধ্যমে আশুগঞ্জে দ্বিতীয় সার কারখানা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আন্তমন্ত্রণালয়ের সভায় এ তথ্য জানানো হয়।শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সভাপতিত্ব করেন। সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বিসিআইসির চেয়ারম্যান মো. গোলাম রব্বানীসহ শিল্প মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, সভায় দ্বিতীয় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা-বিষয়ক বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়। এতে বলা হয়, গ্যাসের সহজলভ্যতা, পরিবহনসুবিধা, যোগাযোগ অবকাঠামো, মিঠাপানির সহজ প্রাপ্তি, নিজস্ব প্রকল্প এলাকাসহ সব বিবেচনায় নতুন এ সার কারখানা স্থাপন অর্থনৈতিকভাবে লাভজনক। এ প্রকল্প আগামী ২০১৪ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য বলে সভায় তথ্য প্রকাশ করা হয়। সভায় আরও জানানো হয়, পৃথিবীর অধিকাংশ দেশই বর্তমানে ইউরিয়া সার আমদানি করছে। তাই আন্তর্জাতিক বাজার থেকে ইউরিয়া সার প্রাপ্তির বিষয়টি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবছর ইউরিয়া সার আমদানির জন্য প্রদত্ত ভর্তুকির পরিবর্তে দেশেই ইউরিয়া সার কারখানা স্থাপন করা যুক্তিসংগত হবে বলে সভায় একমত পোষণ করা হয়।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, নিজস্ব অর্থায়নে এ ধরনের সার কারখানা স্থাপনের উদ্যোগ দেশে প্রথম হলেও ভবিষ্যতে এটি একটি মডেল হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, নতুন এ সার কারখানা স্থাপনে সরকারের মূলধন ২৫ শতাংশ। অবশিষ্ট অর্থ প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স এবং ব্যাংকগুলোর সিন্ডিকেটেড অর্থায়নের মাধ্যমে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান দেওয়া হবে।