আশুলিয়ার চারটি কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের কারণে আজ বুধবার আশুলিয়ার নরসিংহপুরের চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে শারমিন গ্রুপের তিনটি ও ডেকো গ্রুপের একটি কারখানা। এ ছাড়া সিনসিন অ্যাপারেলস নামের একটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, আজ সকালে সংশ্লিষ্ট কারখানাগুলোর শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

শারমিন গ্রুপের শ্রমিকেরা দাবি করেন, তাঁদের পাশের কারখানার শ্রমিকদের নাশতার বিল বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। কিন্তু তাঁদের দেওয়া হচ্ছে ১৫ টাকা। তাঁরা নাশতার বিল বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি না মেনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে।

ডেকো ও সিনসিন গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন বলে জানা গেছে।

সিনসিন অ্যাপারেলসের মহাব্যবস্থাপক (প্রশাসন) তারেকুল আমিন দাবি করেন, বাইরের শ্রমিকেরা আজ সকালে কারখানায় হামলা চালান। উদ্ভূত পরিস্থিতিতে আজকের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে আজ সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, সিনসিন অ্যাপারেলস অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে তারেকুল আমিন দাবি করেন, অনির্দিষ্টকাল কারখানা বন্ধ করা হয়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।