আশুলিয়ায় কাজ করেননি ৬০ হাজার শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক ছুটির বিপরীতে এবং চাকরির বয়স পাঁচ বছর হলে বছরে একটি করে মূল বেতনের সমপরিমাণ অর্থ দাবি করে আসছিলেন ঢাকার আশুলিয়ার বেরন এলাকার সেতারা গ্রুপের শ্রমিকেরা। তাঁদের ওই দাবির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিও। তবে প্রথম দুটি দাবি পূরণের বিষয়ে মালিকপক্ষের সুনির্দিষ্ট ঘোষণা পেলেই তাঁরা কাজে ফিরবেন বলে জানিয়েছেন।
এসব দাবি আদায়ের লক্ষ্যে পাঁচ দিন ধরে তাঁরা আন্দোলন করে যাচ্ছেন। তবে গতকাল সোমবার রাতে এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে গতকাল সকাল আটটার দিকে সেতারা গ্রুপের তিন হাজার শ্রমিক কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ না করে বসে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা একযোগে কারখানা থেকে বের হয়ে যান। সেতারা গ্রুপ ছাড়াও ওই এলাকার ডেকো ডিজাইন, হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, স্টার্লিং ক্রিয়েশন, উইন্ডি গ্রুপ, দি রোজ, পলমল গ্রুপ, ডি কে গ্রুপ, বান্দু ডিজাইন, এনভয় গ্রুপ, পাইওনিয়ার, ওয়াশিং ডিজাইন, আইডিয়াসসহ আশপাশের এলাকার ২৩টি কারখানার প্রায় ৬০ হাজার শ্রমিক গতকাল কাজ করেননি। গতকাল শ্রমিকেরা একটি কারখানায় ভাঙচুর আর একটিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিরও চেষ্টা চালান।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ছুটিকালীন বেতন, অসুস্থতাজনিত ছুটি মঞ্জুর, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা কারণে শ্রমিকদের মধ্যে আগে থেকেই চাপা ক্ষোভ বিরাজ করছিল। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি।
পুলিশ জানায়, গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেন আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের শ্রমিকেরা। বেলা দুইটার দিকে তাঁদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে কারখানার বাইরে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান।
একই এলাকার শারমীন গ্রুপের সব শ্রমিক গতকাল কর্মস্থলে উপস্থিত হলেও তাঁরা কাজে অমনোযোগী ছিলেন। অনেক তলার শ্রমিকেরা কখনো কাজ বন্ধ করে বসে ছিলেন আবার অনেকে থেমে থেমে কাজ করেছেন। শ্রমিকদের একটি অংশ দুপুরের খাবারের বিরতির পর কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে অন্য শ্রমিকদের ভেতরে ঢুকতে বাধা দেয়। একপর্যায়ে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টিও চেষ্টা করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা তাঁদের দাবি ও শ্রম আইন বিষয়ে সচেতন নন। তাঁরা যুক্তি দিয়ে স্পষ্ট করে তাঁদের দাবির সপক্ষে কিছু বলতেও পারেন না।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার বিকেলে আশুলিয়ার বাইপাইলের এলাহি কমিউনিটি সেন্টারে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ওই বৈঠকে বিভিন্ন কারখানার আন্দোলনরত প্রায় ৪০০ শ্রমিক উপস্থিত ছিলেন। দাবিদাওয়া নিয়ে শ্রমিকনেতারা তাঁদের সঙ্গে খোলামেলা কথা বলেন।
এরপর গতকাল রাতে ঢাকার মিন্টো রোডে অবস্থিত নৌমন্ত্রী শাজাহান খানের বাসায় সরকার-মালিক ও শ্রমিকের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রমিকনেতারা সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার থেকে আন্দোলনরত শ্রমিকেরা কাজে যোগ দেবেন। আশুলিয়ায় চলমান ধর্মঘট প্রত্যাহারের কথা জানান তঁারা।
গত রাত সাড়ে নয়টা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত ঘণ্টাব্যাপী ত্রিপক্ষীয় এ বৈঠক চলে। নৌমন্ত্রী ছাড়াও বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
মালিকদের পক্ষে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম এবং শ্রমিক নেতাদের পক্ষে নাজমা আক্তার, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, বাহারাইন সুলতানসহ ২৫-৩০ শ্রমিক নেতা কর্মী বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অপেক্ষমাণ সাংবাদিকদের জানান, আগামী তিন বছর আশুলিয়া এলাকায় কোনো বাড়িভাড়া বাড়বে না। যদি কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ান, তাহলে তঁার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, আশুলিয়া এলাকার শ্রমিকদের বড় সমস্যা হচ্ছে, ওই এলাকায় কথায় কথায় বাড়িভাড়া বাড়ানো হয়। সেটি যেন না হয় সে জন্য স্থানীয় সাংসদ ওই এলাকার বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেছেন। আগামী তিন বছর সেখানে কোনো বাড়িভাড়া বাড়বে না। যদি কেউ ভাড়া বাড়ান তাহলে আইনপ্রয়োগকারী সংস্থাকে খবর দেওয়ার কথাও বলেন বাণিজ্যমন্ত্রী।
আর শ্রমিকদের পক্ষ থেকে চলমান ধর্মঘট প্রত্যাহারের কথা জানান আশুলিয়া এলাকার শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আল কামরান ও তুহিন চৌধুরী।