সরকারি আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যয় সংশোধন করে দ্বিগুণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন করেছে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। ঢাকায় শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।একনেক শুরুতে প্রকল্পটি এক হাজার ১৬৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে জুলাই ২০১০ থেকে জুন ২০১৪ মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদন করে; যেটির মাধ্যমে ৫০ হাজার পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে ইতিমধ্যে ১৪ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।গতকালের একনেক সভায় প্রকল্পটির মেয়াদ ২০১৭ সালের জুন পর্যন্ত বাড়িয়ে প্রাক্কলিত ব্যয় দুই হাজার ২০৪ কোটি টাকায় নির্ধারণ করা হয়। সংশোধিত প্রকল্পের অধীনে ৩৬ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ নকশার ঘরবাড়িসহ অন্য ভূমিহীনদের জন্য বহুতল পাকা ও আধা পাকা ভবন নির্মাণ করা হবে।ভূমিহীন ও দুর্দশাগ্রস্ত মানুষের আবাসন-সুবিধা ও কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ‘আশ্রয়ণ-২’ শীর্ষক প্রকল্পটি হাতে নেওয়া হয়। এটি ইতিপূর্বে ১৯৯৭ সালে বাস্তবায়িত আশ্রয়ণ ও ২০০২ সালের জুলাই থেকে ২০১০ ডিসেম্বর মেয়াদে বাস্তবায়িত আবাসন প্রকল্পের সফলতার ধারাবাহিকতায় প্রণীত হয়েছে।প্রকল্পটির আওতায় ৭০০ কমিউনিটি সেন্টারসহ বিভাগীয় সদর দপ্তর, সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় বহুতলবিশিষ্ট ভবণ নির্মাণ করা হবে। এ ছাড়া নিজস্ব জমি আছে অথচ বাড়ি নেই, এমন পরিবারের জন্য তাদের জমিতে বাড়ি নির্মাণ করা হবে। একই সঙ্গে সুবিধাভোগী পরিবারের সদস্যদের প্রশিক্ষণ ও ঋণ-সুবিধা দিয়ে আত্মকর্মস্থানের সুযোগ করে দেওয়া হবে। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজে যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাঁদের পুনর্বাসনের জন্যও বহুতল ভবন নির্মাণের কাজ এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।এদিকে একনেক সভায় দ্বিতীয়বারের মতো সংশোধন করে এক হাজার ৭৯ কোটি টাকার চামড়া শিল্পনগর, ঢাকা (২য় সংশোধিত) প্রকল্প অনুমোদন করা হয়। এর আওতায় সাভারের চামড়াশিল্প পার্কে বেসরকারি চামড়াশিল্প উদ্যোক্তাদের জন্য উপযোগী শিল্প প্লটসহ অবকাঠামোগত সুবিধা প্রদান করা হবে। ঢাকার হাজারীবাগের চামড়াশিল্প ইউনিটগুলো এখানে স্থানান্তর করা হবে।গতকালের সভায় মোট নয়টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে প্রায় ১০ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের মধ্যে পাঁচ হাজার ৬৫৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি পাঁচ হাজার ২৩২ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন।অনুমোদিত অন্য প্রকল্প হলো ১৮৯ কোটি টাকার প্রকিউরমেন্ট অব স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প, ১০৩ কোটি টাকার কৃষিবিদ ইনস্টিটিউশন স্থাপন প্রকল্প, এক হাজার ৪১৪ কোটি টাকার চিটাগাং সিটি আউটার রিং রোড প্রজেক্ট, চার হাজার ৪৯১ কোটি টাকার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (২য় পর্যায়), ৯০৪ কোটি টাকার ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প (সংশোধিত), ৪৫১ কোটি টাকার মনোহরদী-ধনুয়া ও এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প (সংশোধিত), ৫৫ কোটি টাকার সীমান্তে ২৯টি বিওপিতে বিদ্যুৎ সংযোগ ও সৌরশক্তির মাধ্যমে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ১৬৮টি বিওপিতে বিদ্যুতায়ন প্রকল্প।একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।