আসছে ধারাবাহিক ও গতানুগতিক বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বড় বাজেট দেওয়ার কৃতিত্বের চেয়েও ব্যয় সামাল, গুণমান বাড়ানো, স্বচ্ছতা তৈরি, সংস্কার এবং আয়ের পথ বৃদ্ধিই হবে নতুন অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ।

দর না পেয়ে খেতেই কৃষকের ধান পোড়ানো আগে কখনো ঘটেনি। আবার কমেছে কৃষি খাতের প্রবৃদ্ধিও। আর্থিক খাত বিপর্যয়ের এক দশক চলছে। জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও বেসরকারি বিনিয়োগের হার স্থবির, বাড়ছে না কর্মসংস্থান। রাজস্ব আদায়ে দেখা দিয়েছে বড় ঘাটতি।

আয়ে ঘাটতি অথচ ব৵ য়ের তালিকা লম্বা। আছে বড় প্রকল্প শেষ করার তাগিদ। দিতে হবে স্বাস্থ্য ও শিক্ষায় আলাদা নজর। আছে নতুন সাংসদের রাস্তা নির্মাণের অসংখ্য চিঠি। নির্বাচনের আগে প্রকাশ্যে সমর্থন দেওয়া ব্যবসায়ীদের প্রত্যাশাও অনেক। তাঁরা চান নানা ধরনের কর ছাড় বা নগদ সহায়তা।

এ রকম এক পরিস্থিতিতে ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের নতুন বাজেট পেশ করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী হিসেবে হয়তো তিনি রবীন্দ্রনাথের এই কথাগুলো মানতে চাইবেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে/যাবে না ফিরে। কিন্তু কম আয় আর বেশি ব্যয়ের বাজেটে অনেককেই হয়তো খালি হাতে ফিরতে হবে। আর তাই ‘দিবে আর নিবে’র মধ্যে সমন্বয় করাটাই হবে নতুন অর্থবছরের বাজেটে নতুন অর্থমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ।

প্রশ্ন হচ্ছে, নতুন চ্যালেঞ্জ কতটা নিতে পারবেন নতুন অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে তিনি সাবেক ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৯৯৭-৯৮ অর্থবছরের বাজেট বক্তৃতার কটি লাইন হয়তো মনে রাখবেন। সাবেক অর্থমন্ত্রী তখন বলেছিলেন, ‘ফরাসি লেখক আন্দ্রে মালরোকে একবার সাফল্যের কারণ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন যে সাফল্যের কারণ তিনি জানেন না, তবে এ সত্য অবশ্যই জানেন যে সকলকে খুশি করতে গেলে ব্যর্থ হতে হয়।’ আ হ ম মুস্তফা কামালের জন্য চ্যালেঞ্জ এখন এটাই—কাকে খুশি করবেন, কাকে করবেন না। তবে শেষ পর্যন্ত হয়তো কঠিন কোনো পথে হাঁটবেন না নতুন অর্থমন্ত্রী। তাইতো লক্ষ্যের দিক থেকে নতুন বাজেটে থাকবে গত ১০ বছরের ধারাবাহিকতা এবং বাস্তবায়নের দিক থেকে একটি গতানুগতিক বাজেট।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম নতুন বাজেট নিয়ে প্রথম আলোকে বলেন, সরকারের ধারাবাহিকতা আছে। তাই সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষাও একই রকম। এ জন্য নতুন বাজেটে অভিনবত্ব খোঁজা ঠিক হবে না। তাঁর মতে, বাজেটে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা। এটি এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। জিডিপি প্রবৃদ্ধি ৯ শতাংশে উন্নীত করতে হলে রাজস্ব খাতে ব্যাপক হারে সংস্কার করতে হবে। আগামী অর্থবছর থেকে নতুন ভ্যাট আইনের সফল বাস্তবায়ন প্রয়োজন। প্রয়োজন ব্যাংক খাতের সংস্কার। এ জন্য বাজেটে একটি দিকনির্দেশনা থাকা উচিত বলে তিনি মনে করেন।

নতুন বাজেট, কাঠামো পুরোনো
এমনিতে অর্থনীতির আকার বাড়ছে। তাই স্বাভাবিক প্রবণতা হিসেবে বাজেটের আকারও বাড়বে। বাড়ছে উন্নয়ন বাজেটের পরিমাণও। পুরো বাজেটই হচ্ছে এত দিন ধরে চলা কাঠামোর মধ্যেই। এতে বাজেট বাস্তবায়নের সমস্ত দুর্বলতা যেমন থাকছে, তেমনি থাকছে ঘাটতি অর্থায়নের বিপজ্জনক দিকগুলো। ফলে সুদ পরিশোধ ব্যয় নতুন বাজেটেরও বড় মাথাব্যথা হয়েই থাকবে।

তাত্ত্বিকভাবে একটি বাজেটের মূল লক্ষ্য হচ্ছে সম্পদের পুনর্বণ্টন, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বাড়ানোর মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি। এই লক্ষ্য পূরণে প্রতি অর্থবছরে বাজেটের আয়তন বাড়ছে। কিন্তু কাঠামোগত দুর্বলতার কারণে বাজেট পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। আবার সম্পদের পুনর্বণ্টন সঠিকভাবে না হওয়ায় দেশে আয়বৈষম্য এখন সবচেয়ে বেশি। আর প্রবৃদ্ধি হলেও সেই হারে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় অর্থনীতিবিদেরা একে বলছেন আয় ও কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। ফলে প্রবৃদ্ধির সুফল সবাই সমানভাবে পাচ্ছে না।

আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার থাকবে ৫ লাখ ২৪ হাজার কোটি টাকার আশপাশে। এ থেকে সামান্য বাড়তে পারে, কমও হতে পারে। শেষ মুহূর্তের কাটাছেঁড়ার সময় তা চূড়ান্ত হবে। এই ব্যয়ের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার। আর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আদায় করতে হবে সোয়া ৩ লাখ কোটি টাকার কিছু বেশি।

চলতি অর্থবছরের বাজেট ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার। কিন্তু বাজেট ব্যয় শেষ পর্যন্ত কমবে। কিন্তু তার চেয়ে বেশি কমবে বাজেটের আয়। গত মার্চ পর্যন্ত সময়ে রাজস্ব আয়ে ঘাটতি ৫০ হাজার কোটি টাকা। এরই মধ্যে চলতি অর্থবছরের আদায়ের লক্ষ্যমাত্রা ১৬ হাজার কোটি টাকা কমানো হয়েছে। অর্থবছর শেষে সংশোধন হবে আরেক দফা।

মূল সমস্যা ঘাটতি অর্থায়ন
নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি থাকছে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকার কিছু বেশি। বরাবরের মতো ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যেই থাকবে। তবে সমস্যা মূলত ঘাটতি অর্থায়নের উৎস নিয়ে। যেমন নতুন বাজেটে ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে আসবে ৬০ হাজার কোটির কিছু বেশি, আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে প্রায় ৮৫ হাজার কোটি টাকা।

উৎস বৈদেশিক হলে তা অর্থনীতির জন্য ভালো। এতে খরচ কম। বিপদ অভ্যন্তরীণ উৎসের মধ্যেই। ব্যাংকব্যবস্থা থেকে বেশি অর্থ নিলে বেসরকারি খাত বঞ্চিত হবে, মূল্যস্ফীতি বাড়বে। আর সঞ্চয়পত্র বিক্রি করে অর্থ নিলে বিপদের মাত্রা আরও বেশি। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে ঘাটতি অর্থায়নের লক্ষ্য ছিল ২৬ হাজার ১৯৭ কোটি টাকা। অথচ মাত্র ৯ মাসেই সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্রের মুনাফার হার বেশি। বিকল্প ও নিরাপদ জায়গা না থাকায় সাধারণ মানুষের আগ্রহ সঞ্চয়পত্রে বেশি। এর ফলে ব্যাংকের সুদহার যেমন কমছে না, তেমনি বাড়ছে বাজেটের সুদ পরিশোধ ব্যয়। জনপ্রিয়তার মোহে সঞ্চয়পত্র নিয়ে বিপদেই আছে সরকার। ব্যবসায়ীদের খুশি রাখতে ব্যাংকের সুদহার কমাতে হবে, কিন্তু কমবে না সাধারণ মানুষের ভরসার জায়গা সঞ্চয়পত্রের মুনাফার হার। এই দুইয়ের সমন্বয় করার সাধ্য সম্ভবত এখন কারও নেই। এই উভয়সংকটের কারণেই এখন বাজেটের মোট ব্যয়ের ১৮ শতাংশই হচ্ছে সুদ পরিশোধ খাতে। নতুন বাজেটে এটি আরও বাড়বে।

বাজেটের যত চ্যালেঞ্জ
১০ বছর টানা বাজেট দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত। ব্যয়ের গুণগত মান নিশ্চিত নয়, তাঁর মূল লক্ষ্য ছিল ব্যয় বাড়ানো, বড় আকারের বাজেট করা। উদারহস্তে অর্থ ব্যয় করেছেন তিনি। বড় প্রকল্পগুলোর ব্যয় শেষ পর্যন্ত কোথায় থামবে, তা-ও অজানা। প্রায় সব ধরনের সংস্কার থেকে দূরে থেকেছেন। স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে ছোট ছোট সমস্যা জমতে জমতে এখন বিস্ফোরণের পর্যায়ে চলে গেছে। ব্যাংকিং খাত এর বড় উদাহরণ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকের সঙ্গে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির তথ্য-উপাত্তের বেশ অসংগতি আছে। প্রথমত, বলা হচ্ছে উৎপাদন খাতের পারফরম্যান্সের কারণে এবার বেশি প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু উৎপাদন খাতে বেশি প্রবৃদ্ধি হলে তো কর আহরণ বেশি হওয়ার কথা। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি মাত্র ৭ শতাংশ। দ্বিতীয়ত, ৮ শতাংশ প্রবৃদ্ধি হলে সামগ্রিক অর্থনীতি আরও চাঙা থাকার থাকা। ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধির কথা নয়। অর্থনীতি চাঙা থাকলে ঋণখেলাপিরা কেন টাকা পরিশোধ করতে পারছেন না? তৃতীয়ত, ব্যবসা হলো প্রবৃদ্ধির উৎস। ব্যবসা বাড়লে ব্যাংকের আয় বৃদ্ধির কথা। কিন্তু ব্যাংকের আয় অর্ধেকে নেমে এসেছে।

আ হ ম মুস্তফা কামাল এর আগে পরিকল্পনামন্ত্রী ছিলেন। পরিসংখ্যানের মান নিয়ে সন্দেহ তাঁর জন্য নতুন নয়। নাজুক ব্যাংক ও শেয়ারবাজার তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কৃষকেরা দর পাচ্ছেন না এটিও নতুন কিছু নয়। তবে এটি এখন মহাবিপদ হয়ে এসেছে। ঋণখেলাপিদের বিশেষ ছাড় দিয়ে এরই মধ্যে তিনি নিজেকে ঋণখেলাপিবান্ধব হিসেবে পরিচিত করেছেন।

এ অবস্থায় দর না পাওয়া কৃষকদের কৃষিকাজে ধরে রাখা, ব্যাংক খাত ও শেয়ারবাজারের ওপর আস্থা ফিরিয়ে আনা, বিনিয়োগের স্থবিরতা কাটানো, ব্যবসায়ীদের ছাড় দিয়েও রাজস্ব আদায় বৃদ্ধি, কর ফাঁকি রোধ, আয়বৈষম্য কমানো-অর্থমন্ত্রীর জন্য কাজের তালিকা অনেক লম্বা। প্রথম বাজেটে এর প্রতিফলন কতটা থাকবে, এটাই এখন দেখার বিষয়। সুতরাং বড় বাজেট দেওয়ার কৃতিত্বের চেয়েও ব্যয় সামাল দেওয়া, গুণমান বাড়ানো, স্বচ্ছতা তৈরি, প্রয়োজনীয় সংস্কার করা এবং আয়ের পথ বৃদ্ধিই হবে নতুন অর্থমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ।