আসছে নভেম্বর মাস, রিটার্নের প্রস্তুতি নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেম্বর মাস চলে আসছে। আসছে রিটার্ন দেওয়ার মাস। শেষ মুহূর্তের তাড়াহুড়া থেকে বাঁচতে এখনই প্রস্তুতি নিন। সংগ্রহ করুন প্রয়োজনীয় কাগজপত্র। রিটার্ন ফরম পূরণের আগে জেনে নেবেন এবারের বাজেটে কী পরিবর্তন আনা হলো।

আয়কর বিবরণী বা রিটার্ন জমার আগে কিছু মৌলিক বিষয় জানতে হবে। এগুলো হলো করের হিসাব প্রতিবছরের জুলাই মাস থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত। আর করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা। এ ছাড়া কত টাকা আয় হলে কত হারে কর দিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার কাজ। চাইলে আপনি নিজেও রিটার্ন জমার পুরো কাজটি করতে পারেন। আবার আয়কর আইনজীবীর মাধ্যমেও রিটার্ন জমা দিতে পারবেন।

গতবারের মতো এবারও আয়কর মেলা হবে না। তাই নিজ নিজ কর অঞ্চল কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে নভেম্বর মাসজুড়েই মেলার পরিবেশ থাকবে। থাকবে করদাতাদের জন্য সহায়তা কেন্দ্র। সেখানে ফরম পূরণ থেকে শুরু করে সব সুবিধা পাবেন করদাতারা। রিটার্ন জমার আলাদা বুথও থাকবে।

যেসব কাগজপত্র লাগবে

রিটার্ন জমার সময় অবশ্যই আপনাকে কিছু প্রামাণ্য দলিল হিসেবে কাগজপত্র জমা দিতে হবে। যেমন আপনি চাকরিজীবী হলে বেতনের প্রমাণ হিসেবে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত ব্যাংকের হিসাব বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই সময়ের মধ্যে আপনি সিকিউরিটিজে বিনিয়োগ করলে কত টাকা সুদ বাবদ পেলেন, তার সনদ দিতে হবে। শেয়ারের বিপরীতে লভ্যাংশ আয়ের জন্য জমা দিতে হবে ডিভিডেন্ড ওয়ারেন্টপত্র। এমনকি আপনি সঞ্চয়পত্র বা এফডিআর থেকে সুদ হিসেবে যে টাকা পেয়েছেন, তার ওপরে যে উৎসে কর কেটে রেখেছে, সেই সনদও সংগ্রহ করতে হবে। আবার ভাড়ার চুক্তিপত্রও আয়কর রিটার্নে দিতে হয়। গাড়ি থাকলে আপনি গাড়ির ফিটনেস নবায়নের সময় যে অগ্রিম কর দিয়েছেন, সেই ব্যাংক রসিদের কপিও কিন্তু জমা দিতে হবে।

অন্য কাগজপত্রের মধ্যে যেসব নথিপত্র লাগবে, সেগুলোর মধ্যে অন্যতম হলো পৌর করের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনি ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র ইত্যাদি। এসব কাগজপত্র জোগাড় করতে এখনই কাজ শুরু করে দিন। তা না হলে শেষ মুহূর্তে এসব কাগজপত্র জোগাড় করতে বেশ ঝক্কিঝামেলায় পড়তে হতে পারে।

কর রেয়াত নিতে চাইলে জীবনবিমার কিস্তির প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, ঋণ বা ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, স্টক বা শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র, ডিপোজিট পেনশন স্কিমে চাঁদার সনদ, কল্যাণ তহবিলে চাঁদা ও গোষ্ঠী বিমার কিস্তির সনদ, জাকাত তহবিলে চাঁদার সনদ—এসব দেখাতে হবে।

কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) সবাইকে বছর শেষে আয়-ব্যয়ের বিবরণী জানিয়ে রিটার্ন দিতে হবে। শুধু জমি বেচাকেনা কিংবা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য যাঁরা টিআইএন নিয়েছেন, তাঁদের রিটার্ন না দিলেও চলবে। বাংলাদেশে ৬২ লাখ লোকের টিআইএন আছে। তাঁদের মধ্যে মাত্র ২৫ লাখের মতো বছর শেষে রিটার্ন দেন।

মনে রাখবেন

করমুক্ত আয়সীমা আগের মতোই তিন লাখ টাকা রয়েছে। তবে নারী ও ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। এ ছাড়া প্রতিবন্ধী করদাতাদের সাড়ে চার লখ টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা করদাতাদের বার্ষিক আয়ের পৌনে পাঁচ লাখ টাকা পর্যন্ত কর নেই। প্রতিবন্ধী সন্তানের পিতামাতা বা আইনগত অভিভাবকেরা করমুক্তসীমায় বাড়তি ৫০ হাজার টাকা ছাড় পাবেন।

আপনার যদি দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র থাকে, তাহলে এবার রিটার্ন দিতে হবে। কারণ, টিআইএন ছাড়া দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা যাবে না।

একজন করদাতা এত দিন আয়ের সর্বোচ্চ ২৫ শতাংশ কিংবা দেড় কোটি টাকা বিনিয়োগে কর ছাড়ের সুবিধা পেতেন। এই সীমা কমিয়ে এক কোটি টাকা করা হয়েছে। ধনীদের সারচার্জ হারও পুনর্বিন্যাস করা হয়েছে।