আসছে ব্রিকস ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে ১৯৪৪ সালের জুলাই মাসে বহুজাতিক উন্নয়ন সংস্থা গঠনের ঘোষণা বিশ্ব অর্থনীতিতে এক বিরাট পরিবর্তনের সূচনা করেছিল।

কাকতালীয়ভাবে ৭০ বছর পরে আরেক জুলাইয়ে ব্রাজিলের ফোর্তালেজা শহরে ব্রিকস নেতারা ব্রিকস ব্যাংক নামে আরেকটি বহুজাতিক উন্নয়ন সংস্থা গঠন করার জন্য একত্র হয়েছেন। ব্রিকসভুক্ত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতারা তিন দিনব্যাপী এক সম্মেলনে অংশ নিচ্ছেন। ১৪ জুলাই শুরু হওয়া এই সম্মেলনের আজ বুধবার শেষ দিন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঠিত হতে যাওয়া এই ব্যাংকের নাম ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ প্রস্তাব করেছেন। আজ বুধবার সম্মেলন শেষে এ-সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তবে ব্যাংকের সদর দপ্তর কোথায় হবে এবং কোন দেশ এর প্রথম প্রেসিডেন্ট হবে, তা নিয়ে এই সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রক্রিয়াটি আরেকটু পিছিয়ে যাবে।

ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে গঠিত উন্নয়ন সংস্থাগুলোর বাইরে একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরির এ চিন্তাভাবনা শুরু হয়েছিল ২০১২ সালে। তবে সদস্যদেশগুলোর মতের অমিলের কারণে এই উদ্যোগ এত দিন আলোর মুখ দেখেনি।

অবকাঠামো প্রকল্পগুলোতে অর্থায়ন করা ব্রিকস ব্যাংক গঠনের মূল উদ্দেশ্য হবে। প্রাথমিক পুঁজি গঠনের জন্য পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার পরিকল্পনা করছে ব্রিকসভুক্ত পাঁচটি দেশ, যেখানে প্রতিটি সদস্য সমানভাবে অর্থ দেবে। পাশাপাশি ব্রিকস ব্যাংকের সদস্যদের জন্য ১০ হাজার কোটি মার্কিন ডলারের একটি রিজার্ভ ফান্ড গঠন করার পরিকল্পনাও থাকছে। ব্রিকস ব্যাংকের ঋণ প্রদান কার্যক্রম ২০১৬ সাল থেকে শুরু করা হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

দুই বছর ধরে ব্যাংকটির গঠনকাঠামো নিয়ে মতপার্থক্য দূর করতে ব্রিকসের সদস্যদেশগুলো কাজ করে এসেছে। ১০ হাজার কোটি মার্কিন ডলারের প্রাথমিক মূলধন এবং চীনের সাংহাইয়ে সদর দপ্তর স্থাপন করে দেশটির সভাপতি হওয়ার প্রস্তাবের বিরোধিতা করছে ভারতসহ অন্য সদস্যরা। চীনের প্রাধান্য বিস্তারের উদ্দেশ্য নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। চীনের বিপুল রিজার্ভ ও শক্তিশালী অর্থনৈতিক কাঠামো যার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

তাই ব্রিকস ব্যাংক গঠন করতে গিয়ে যেখানে অনেক বাধা আসছে, সেখানে বহুজাতিক সংস্থা গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এত বাধার মুখে পড়তে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ​​ব্রেটন উডস শহরের ওয়াশিংটন হোটেলে ১৯৪৪ সালে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক।

আইএমএফের দায়িত্ব ইউরোপিয়ানরা ও বিশ্বব্যাংকের দায়িত্ব মার্কিনরা নিয়ে ক্ষমতার ভাগ-বাঁটোয়ারার একটি সুন্দর ফর্মুলা বের করেছিল। এসব সংস্থায় উন্নত দেশগুলোর ভোটাধিকার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নয়নশীল দেশের চেয়ে অনেক বেশি।

বিশ্ব পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক জটিল এবং তা কোনোভাবেই ১৯৪০ সালের মতো নয়। ছয় বছর ধরে চলা বিশ্ব অর্থনৈতিক মন্দা উন্নত দেশগুলোকে এখনো শঙ্কামুক্ত করতে পারেনি। এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধি লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারেনি। এই অবস্থায় ইরাকের জঙ্গি তৎপরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট, বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে ব্রিকস ব্যাংক উদ্যোক্তাদের।

উল্লিখিত সব কটি সংকট সাত দশক ধরে বিশ্বকে নিয়ন্ত্রণ করে আসা বহুজাতিক সংগঠনগুলোও নিয়ন্ত্রণ করতে পারেনি। আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলোর পশ্চিমা প্রীতিকেও এসব সংকটের জন্য দায়ী করা হয়।

ব্রিকসভুক্ত দেশগুলো বিশ্বের মোট জিডিপির এক-পঞ্চমাংশ এবং বিশ্বের মোট জনসংখ্যার ৪০ ভাগ পূরণ করলেও দেশগুলোর বিশাল অবকাঠামো ঘাটতি রয়েছে। শুধু ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন খাতে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের প্রয়োজন। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকারও একই ধরনের সমস্যা রয়েছে। সব মিলিয়ে অবকাঠামো উন্নয়নে ব্রিকসভুক্ত পাঁচটি দেশের প্রয়োজন চার লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলার।

বহুজাতিক সংস্থাগুলো অর্থায়ন করে, এ ব্যাপারে কোনো সন্দেহ না থাকলেও সংস্কারে তা কতটুকু ইতিবাচক প্রভাব রাখে, তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ বিশ্বব্যাংকের প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে পদত্যাগ করেছেন।

​েব্রটন উডস সম্মেলনের ধারণায় বিশ্বব্যাংকের পাশাপাশি বিশ্বে আরও কয়েকটি বহুজাতিক ব্যাংক গঠিত হয়েছে। এগুলো হলো ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। তার পরও উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক ও সামাজিক খাতে অনেক বৈষম্য এখনো রয়ে গেছে। বিশ্বব্যাংক কিংবা আইএমএফ‍- কোনো প্রতিষ্ঠানই দারিদ্র্য দূর করে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। সূত্র: রয়টার্স ও জি নিউজ