আসছে ১ লাখ ৯ হাজার কোটি টাকার এডিপি
প্রতিবছরের মতো এবারও বিশাল আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আনছে সরকার। ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই এডিপির আকার হবে ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় গতকাল রোববার নতুন এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভার একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে পরিকল্পনা কমিশনের তদারকির বাইরে এডিপিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয় যুক্ত হবে। সেই ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। তা চূড়ান্ত হলে এডিপির আকার আরও বড় হবে।
২০১৫-১৬ অর্থবছরের এডিপি অনুমোদনের জন্য আগামী বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠানের কথা রয়েছে।
পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা প্রস্তাবিত ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকার মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৬৯ হাজার ২০০ কোটি টাকা। বিদেশি সহায়তা পাওয়া যাবে বাকি ৪০ হাজার কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের তৈরি এডিপিতে সবচেয়ে বেশি ১৭ হাজার ৪৮৫ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এরপরে ১২ হাজার ৫৪০ কোটি টাকা পেতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে সেতু বিভাগ। এ বিভাগ আগামী অর্থবছরে ৯ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। স্থানীয় পর্যায়ে উন্নয়ন সহায়তার নামে ১ হাজার ১৯৭ কোটি টাকা রাখা হচ্ছে।
প্রস্তাবিত এডিপিতে থোক বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ৫৪৫ কোটি টাকা। আগামী অর্থবছরজুড়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যেসব অননুমোদিত প্রকল্প অনুমোদন দেওয়া হবে, সেসব প্রকল্প থোক বরাদ্দ থেকে অর্থ পাবে।
এ বছর পরিকল্পনা কমিশনের তদারকিতে মূল এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা। গত এপ্রিল মাসে তা কমিয়ে ৯১ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ মোট এডিপির আকার দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাস জুলাই-এপ্রিলে সংশোধিত এডিপির মাত্র ৫১ শতাংশ বা ৪৮ হাজার ২০৪ কোটি টাকা খরচ হয়েছে। খরচের শতকরা হিসাবে এটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।