বাজারে এখন পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনো মরিচসহ সব ধরনের মসলার সরবরাহ ভালো। দামও স্থিতিশীল। এসব কারণে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আসন্ন ঈদুল আজহায় মসলাজাতীয় পণ্যের কোনো সংকট হবে না, দামও বাড়বে না।মসলাজাতীয় পণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদে মসলাজাতীয় পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।তবে সভায় সব ধরনের মসলাজাতীয় পণ্যের সরবরাহ ও দাম যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয় সে জন্য সব ধরনের ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মন্ত্রণালয়।অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত বাণিজ্যসচিব (আমদানি) কমলকৃষ্ণ ভট্টাচার্য, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রতিনিধি, বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি, কাওরানবাজার ব্যবসায়ী সমিতি, কাপ্তান বাজার ব্যবসায়ী সমিতি, শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় মসলাজাতীয় পণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলেছেন, চাহিদা অনুযায়ী বাজারে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে মসলাজাতীয় পণ্যের মজুদ ও সরবরাহ রয়েছে। দামও সহনীয় পর্যায়ে আছে। ঈদ সামনে রেখে এসব পণ্যের সরবরাহ কমানো হবে না এবং দাম বাড়ানো হবে না।সভার একটি সূত্র প্রথম আলোকে জানায়, পেঁয়াজ-রসুন আমদানিকারকদের কয়েকজন সভায় বলেন, দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটির কারণে আট-দশ দিনের মতো রপ্তানি বন্ধ থাকতে পারে। সে কারণে ঈদের ঠিক আগ মুহূর্তে এবং পরপরই পেঁয়াজের কিছু সংকট হতে পারে।সভায় দেশি ও আমদানি করা চীনা রসুনের দামের পার্থক্য নিয়েও আলোচনা হয়েছে। বাজারে বেশ কিছুদিন ধরেই চীনা রসুন বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে আমদানিকারকেরা জানিয়েছেন, চীনা রসুন আমদানি করে অনেকেই বিপুল অঙ্কের লোকসান গুনেছেন। সে কারণে এবার আমদানি হয়েছে কম। আর বাজারে চীনা রসুনের সংকট থাকায় তা চড়া দামে বিক্রি হচ্ছে। তবে সভায় জানানো হয়, এবার দেশি রসুনের ফলন ভালো হয়েছে। বাজারে এর দামও কম। তার পরও মানুষ এটা তেমন কিনছে না।সভা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির মহাসচিব আতিকুল হক প্রথম আলোকে বলেন, ঈদে গরম মসলার যে চাহিদা তার চেয়ে বেশি বাজারে মজুদ আছে। সরবরাহ ভালো, ঈদের আগে আর দাম বাড়বে না। আতিকুল হক বলেন, ‘সমস্যাটা হলো, চোরাই পথে প্রচুর মসলা দেশে ঢুকছে। সে কারণে আমরা আমদানি করে লোকসানে পড়ছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।’