আসন্ন কোরবানির ঈদে মসলার দাম বাড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন কোরবানির ঈদের সময় দেশে মসলাজাতীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে। সে কারণে মসলার দাম বাড়ার সম্ভাবনা নেই।পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, এলাচ, দারুচিনিসহ মসলাজাতীয় পণ্যের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে গতকাল মঙ্গলবার অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সভায় ব্যবসায়ী নেতারা জানান, দেশের চাহিদা মোতাবেক পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, এলাচ, দারুচিনিসহ মসলা পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। কিছু মসলা দেশে আসার পথে রয়েছে এবং বেশ কিছু আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। পেঁয়াজের দাম এরই মধ্যে অনেক কমেছে, সামনে আরও কমবে। আসন্ন কোরবানির ঈদে এসব পণ্যের কোনো সংকট হবে না।মসলার আমদানিকারকেরা জিরা আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রত্যাহার করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সভায় ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়।খুচরা বাজারে যেন কোনো ধরনের সংকট না হয়, সে জন্য সময়মতো চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চায় মন্ত্রণালয়।সভায় মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় ও অমিতাভ চক্রবর্তী, আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক এম এ সবুর এবং মসলা আমদানিকারক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।