আসবাব ও সাজসজ্জা সামগ্রীর প্রদর্শনী শুরু

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের আসবাব ও অভ্যন্তরীণ সাজসজ্জা সামগ্রীর প্রদর্শনী। সংক্ষেপে এটিকে বিএফআইডি প্রদর্শনী বলা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্রাফ্ট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ জুট ডাইভার্ির্সফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতির বিশেষ অতিথি হিসেবে উপস্থিতির কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁরা অনুষ্ঠানে যোগ দেননি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানি বাজার কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ। রপ্তানি পণ্যও সীমিত। তাই সরকার নতুন নতুন বাজার সন্ধানের পাশাপাশি রপ্তানি পণ্যের প্রসারে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’
আসবাবপত্র শিল্পের রপ্তানির সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, রপ্তানি নীতিতে আসবাবপত্র শিল্পকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, ইপিবি ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, জেডিপিসির নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক শাহেদুল ইসলাম প্রমুখ।
বাণিজ্যসচিব বলেন, আসবাবপত্র শিল্প একটি শ্রমঘন শিল্প। এই শিল্পে এরই মধ্যে ২৫ লাখ লোকের কর্মসংস্থান রয়েছে।
কে এম আখতারুজ্জামান বলেন, ফার্নিচার শিল্পে দক্ষ জনবল তৈরিতে আলাদা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিন দিনের এই প্রদর্শনীতে আসবাবপত্র ও পাটজাত পণ্যের ৫০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। দ্বিতীয়বারের মতো এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী শেষে বাণিজ্যমন্ত্রী উদ্বোধনী মঞ্চেই এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। তাতে গত অর্থবছরে রপ্তানি আয় ও চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা তুলে ধরেন।
মন্ত্রী জানান, গত অর্থবছরে সরকার প্রায় দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয় করেছে। চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৫০ কোটি মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সরকার যথেষ্ট আশাবাদী বলেও মন্ত্রী জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত অর্থবছরের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকেই রপ্তানি আয়ের বড় অংশই এসেছে। দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেছে প্রায় এক হাজার ৭০০ কোটি ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে আয় হয়েছে ৫৫০ কোটি মার্কিন ডলার।