আসবাবপত্রের প্রদর্শনী শুরু হচ্ছে কাল
আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে ফার্নিচার ও গৃহসজ্জার পণ্যসামগ্রীর প্রদর্শনী বা বিএফআইডি এক্সপো আগামীকাল মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে শুরু হবে। তিন দিনের এই প্রদর্শনীতে এবার ৫১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ হস্তশিল্প রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএএফআইওএ) সম্মিলিতভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। এতে সহায়তা করছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেসিপিসি)।
ইপিবি কার্যালয়ে গতকাল রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত জানান সংস্থার ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। তিনি বলেন, ‘তিন বছর ধরে এই প্রদর্শনীর মাধ্যমে অনেক বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে আমরা আকৃষ্ট করতে পেরেছি। এতে আসবাবপত্রের রপ্তানি বেড়েছে। এবারও বিদেশি ক্রেতাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাঁদের জন্য যাতায়াত, কারখানা পরিদর্শনের মতো সুবিধাও রাখা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএফআইডি এক্সপোতে আসবাবপত্রের পাশাপাশি হোমটেক্সটাইল, গৃহসজ্জার বিভিন্ন হস্তশিল্প ও পাটজাত পণ্য প্রদর্শনী করা হবে।
শুভাশীষ বসু বলেন, ‘আমরা যেসব পণ্য রপ্তানি করি তার মধ্যে সাতটি থেকেই আসে ৯২ শতাংশ রপ্তানি আয়। ফলে পণ্য ও বাজার বহুমুখীকরণ ছাড়া রপ্তানি খাতের দুর্বলতা কাটানো যাবে না। সে জন্যই সরকার আসবাবপত্রের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছে। আগামী অর্থবছর এ খাতটিকে রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক বেগম মাফরূহা সুলতানা, ফার্নিচার রপ্তানিকারক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার, বিএএফআইওএর সভাপতি শাহেদুল ইসলাম প্রমুখ। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে।