আসবাবশিল্পের রপ্তানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসবাবশিল্পের রপ্তানি আয় গত দুই অর্থবছরে ধারাবাহিকভাবে বাড়লেও চলতি অর্থবছরের শুরুতে কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে ২১ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের আসবাব রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ে ২৪ লাখ ১০ হাজার ডলার রপ্তানি আয়ের চেয়ে ১১ দশমিক ২০ শতাংশ কম। শুধু জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছিল ৪৫ লাখ ৮০ হাজার ডলার। সেই হিসাবে রপ্তানি কমেছে ৫৩ দশমিক ২৮ শতাংশ।
২০১২-১৩ অর্থবছরে এ খাতে রপ্তানির আয় হয় তিন কোটি ১৪ লাখ ডলার। পরের বছর তা বেড়ে দাঁড়ায় চার কোটি ২৬ লাখ ডলারে। ফলে এক বছরের ব্যবধানে তখন ৩৫ দশমিক ৫৬ শতাংশ রপ্তানি বাড়ে। আর ২০১১-১২ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল দুই কোটি ৭১ লাখ ডলার।
বিশ্ব আসবাবের বাজারে একটি বড় অংশের জোগানদাতা এশিয়ার দেশগুলো। এর মধ্যে সর্বোচ্চ রপ্তানি করে চীন। তবে চীনে উৎপাদন খরচ ও মজুরি আগের চেয়ে বেড়ে যাওয়ায় বাংলাদেশের সুযোগ আছে সেই শূন্যতা পূরণ করার। তবে আসবাবশিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ক্ষেত্রে বড় বাধা হলো দক্ষ শ্রমিকের অভাব।