আসবাবে মূল্যছাড়ের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মেলায় আসবাবপত্রের একটি প্যাভিলিয়ন l ফোকাস বাংলা
বাণিজ্য মেলায় আসবাবপত্রের একটি প্যাভিলিয়ন l ফোকাস বাংলা

বেডরুম সেট, সোফা, খাট, খাবার টেবিলের মতো নতুন নতুন পণ্য দিয়ে সাজানো হয়েছে প্যাভিলিয়ন। ফুলদানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নতুন করে যুক্ত হয়েছে পণ্যের তালিকায়। এ ছাড়া অধিকাংশ পণ্যেই আছে সর্বোচ্চ ১৭ শতাংশ মূল্য ছাড়।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে এবার নাভানা ফার্নিচারের এই আয়োজন। পিছিয়ে নেই আখ্তার, হাতিল, নাদিয়া, ব্রাদার্স, রিগালসহ আসবাব খাতের অন্য প্রতিষ্ঠানগুলো। মেলায় সবাই দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করে নান্দনিক নকশার নতুন আসবাবের পাশাপাশি পুরোনো পণ্যসামগ্রী প্রদর্শন করছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে তারা। এই সুবিধা মেলার বাইরে দেশের যে প্রান্তেই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিক্রয়কেন্দ্র আছে সেখান থেকেও পাচ্ছেন ক্রেতারা।
প্রতিবারই মেলার শুরুর দিকে কম দর্শনার্থী থাকে। এবার সেটি আরও কমে এসেছে। কারণ মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনের চতুর্থ দিন থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। গত মঙ্গলবার দুই ঘণ্টা ঘুরে দেখা গেল, অবরোধের মধ্যে অল্পসংখ্যক দর্শনার্থী এসেছে। গতকাল বুধবার এই সংখ্যা বাড়লেও এখনো মেলায় প্রাণ ফিরে আসেনি। অবশ্য যে কজন দর্শনার্থীই এেসছে তাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে দাবি করলেন কয়েকটি আসবাব প্রতিষ্ঠানের কর্মকর্তা।
এবারের মেলায় নাভানা ফার্নিচার ৭০ হাজার থেকে ১ লাখ ৫০ টাকায় বেডরুম সেট, সোফা ৪৫-৮০ হাজার, খাট ২০-৮০ হাজার, ডাইনিং টেবিলি ২৫-৬৫ হাজার, আলমিরা ২৯-৬০ হাজার এবং লাইফ স্টাইল পণ্য ১০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করছে। এ ছাড়া অফিস ফার্নিচার ও কিচেন কেবিনেট নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
এসব তথ্য দিয়ে নাভানার কর্মকর্তা সীমা রায় বললেন, ‘পণ্য প্রদর্শনীর বড় মঞ্চ এই বাণিজ্য মেলা। তাই প্রতিবারই আমরা নতুন পণ্য নিয়ে আসি। এ ক্ষেত্রে পণ্যের প্রচার মূল উদ্দেশ্য হলেও ভালোই বেচাবিক্রি হচ্ছে।’
আসবাবের জগতে প্রাণ-আরএফএল গ্রুপের বয়স দুই বছর। গ্রুপের প্রতিষ্ঠান রিগাল ফার্নিচার খাট, সোফা, ডাইনিং টেবিল, আলমিরা, রকিং চেয়ার, পড়ার টেবিলসহ ৭৮ ধরনের পণ্য নিয়ে মেলায় এসেছে। আমদানি করা লেমিনেটেড বোর্ড দিয়ে তৈরি এসব আসবাবের মধ্যে খাট ৮-২৩ হাজার, আলমিরা ১০-২২ হাজার, বুকশেলফ ৫-৭ হাজার, ড্রেসিং টেবিল ৫-১২ হাজার, আলনা ৩ হাজার, ডাইনিং টেবিল ১৭ হাজার, চেয়ার ৩ হাজার আর সোফা ৮-৩৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
মেলা উপলক্ষে সব পণ্যের ওপর ১৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলার পাশাপাশি এই সুযোগ রিগালের ২৪টি বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে বলে জানালেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কাওসার আহমেদ। তিনি জানান, গত সোমবার পর্যন্ত তাঁরা ৭ লাখ টাকার আসবাব বিক্রি করেছেন। দিনের হিসাবে মেলার বয়স যত বাড়বে দর্শনার্থীর ভিড় বাড়ার পাশাপাশি বিক্রিও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত নাদিয়া ফার্নিচার মেলায় নতুন নকশার ১৩টি সোফাসেট, দুটি বেডরুম সেটসহ বিভিন্ন আসবাব নিয়ে এসেছে। এর মধ্যে সোফাসেট ৫৫-৯০ হাজার, বেডরুম সেট ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার, খাট ২৫-৪৫ হাজার, তিন দরজার আলমিরা ৪৩-৫১ হাজার, টিভি ট্রলি ১৩-১৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া নাদিয়া নতুন করে অফিস ফার্নিচার নিয়ে এসেছে। এর মধ্যে আছে চেয়ার, টেবিল, ওয়ার্ক স্টেশন, কনফারেন্স টেবিল, ফাইল কেবিনেট।
নাদিয়ার কর্মকর্তা হেদায়েত উল্লাহ জানালেন, মেলা উপলক্ষে তাঁরা বেডরুম সেটে ২৫ ও অন্যান্য আসবাবে ১৫ শতাংশ ছাড় দিচ্ছেন। আর এই সুযোগটি মেলার বাইরে নাদিয়ার নয়টি বিক্রয়কেন্দ্র থেকেও পাবেন ক্রেতারা। এ ছাড়া সব পণ্যেরই দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হয়।
এদিকে হাতিল ফার্নিচার নতুন নকশার ১২-১৪ সেট সোফাসহ লবি চেয়ার, রকিং চেয়ার, খাট, ডাইনিং টেবিল ও অফিস ফার্নিচার নিয়ে এসেছে। এর মধ্যে সোফাসেট ৬০ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার, খাট ৩৫-৫৫ হাজার, লবি ও রকিং চেয়ার ১৫-২৫ হাজার, ডাইনিং টেবিলের সেট ৫৫-৮০ হাজার টাকা। এ ছাড়া আছে দরজা, আলমিরা, বুকশেলফ ও লাইফস্টাইল পণ্য। সব পণ্যে ৫-২০ শতাংশ ছাড় দিচ্ছে হাতিল। মেলার বাইরে হাতিলের ৬২টি বিক্রয়কেন্দ্র থেকে এই সুবিধা পাবেন ক্রেতারা।
আখ্তার ফার্নিশার্স বাণিজ্য মেলায় অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে তিনটি বেডরুম, ছয়টি সোফা ও দুটি ডাইনিং টেবিল সেট নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির বেডরুম ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার, সোফাসেট ৭৫ হাজার থেকে ২ লাখ, ডাইনিং টেবিল ৪৪ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা। এসব আসবাব মূলত মেহগনি কাঠ দিয়ে এবং অফিস ফার্নিচার কাঠ ও বিভিন্ন ধরনের বোর্ড দিয়ে তৈরি করে আখ্তার ফার্নিশার্স। এ ছাড়া মেলায় এবার প্রতিষ্ঠানটির ফোম ও ম্যাটরেসের জন্য আলাদা মিনি প্যাভিলিয়ন আছে।
সব পণ্যে ১৫ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে বলে জানালেন আখ্তার ফার্নিশার্সের কর্মকর্তা দুলাল রায়। কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি জানান, আসবাব একটু দামি পণ্য। তাই ক্রেতারা প্রথম কয়েক দিন দেখেন। পরে যাচাইবাছাই করে কেনেন। সেই হিসেবে কয়েক দিন পর বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।