
দেশের আসবাব একটি দ্রুত বিকাশমান শিল্প হিসেবে অবস্থান করে নিয়েছে। তবে আসবাব নির্মাণের জন্য কাঠ, বোর্ডসহ নানা সামগ্রীর বড় অংশ এখনো আমদানি করতে হয়। আর এসব সামগ্রীর গড় আমদানি শুল্ক ৫০ শতাংশের বেশি।
অন্যদিকে একই আসবাবের বিবিধ মূল্যের কারণে রপ্তানির পর সরকারকে দেওয়া শুল্ক ফেরত পেতে অনেক সময় ও শ্রম নষ্ট হয়।
এ অবস্থায় আসবাবশিল্পের স্বার্থে কাঁচামালের আমদানি শুল্ক কমানোর এবং শুল্ক প্রত্যপর্ণের বদলে নগদ সহায়তা প্রদান করার আহ্বান জানিয়েছেন এই খাতের উদ্যোক্তা ব্যবসায়ীরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী তৃতীয় আসবাব ও গৃহসজ্জা মেলার উদ্বোধন অনুষ্ঠানে গতকাল রোববার এ আহ্বান জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তিন বছরমেয়াদি যে পরিকল্পনা তৈরি করেছে, তাতে আসবাব খাতের আমদানি করা কাঁচামালের শুল্ক কমানো এবং বিকল্প নগদ সহায়তা দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বর্তমান সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এমন কিছু করা উচিত হবে না যাতে দেশের বাণিজ্য বাধাগ্রস্ত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানির পরিমাণ বাড়াতে রপ্তানি পণ্যের সংখ্যা বাড়ানো ও নতুন নতুন বাজার সৃষ্টিতে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা মোতাবেক কাজ করছে সরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিত করার পরও সেখানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্বকালে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, রপ্তানি বাণিজ্যের বড় দুর্বলতা সীমিত বাজার ও সীমিত পণ্যের ওপর রপ্তানি-নির্ভরতা। এটি কাটিয়ে উঠতে রপ্তানির তালিকায় নতুন পণ্য সংযোজন এবং পণ্য ও বাজার বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণেই শ্রমঘন ফার্নিচার ও হোম ফার্নিশিং খাতের উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, ফার্নিচার রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার, বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক খন্দকার মোকলেছুর রহমান বক্তব্য দেন।
এই মেলায় আসবাব ও গৃহসজ্জা খাতের ৫১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্রাফট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।