আসল সমস্যা সুশাসনের
ঋণ বিতরণে জামানত নেওয়ার সময় ব্যাংকগুলোকে সতর্কতা অবলম্বন করতে হবে। খেলাপি ঋণ আদায়ে আদালতে গঠন করতে হবে আলাদা বেঞ্চ। সবকিছু ছাপিয়ে ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতির উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা। কেননা, আসল সমস্যা সুশাসনের।
‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের অবস্থা পর্যালোচনা: চ্যালেঞ্জ মোকাবিলার উপায়’ শীর্ষক কর্মশালায় এসব অভিমত উঠে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।
খেলাপি ঋণ বৃদ্ধির জন্য শুরুতে ব্যাংকারদেরই দায়ী করেন অর্থমন্ত্রী। বলেন, নিয়ম আছে ‘আপনার কাস্টমারকে জানুন’ (কেওয়াইসি) মেনে ঋণ দিতে হবে। বাস্তবে তা মানা হয় না। আসলে প্রত্যেক ব্যাংকারই চান, খেলাপি হয়ে গেলেই গ্রাহক কবজার মধ্যে চলে আসবেন। এই চর্চা পরিহার করা দরকার।
অর্থমন্ত্রী এ-ও বলেন, ‘বেসরকারি ব্যাংকে যেখানে ১০ থেকে ১১ শতাংশ খেলাপি ঋণ, আমার লজ্জা লাগে যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে এখনো তা ২৭ শতাংশ।’
মূলধনের ঘাটতি পূরণে সরকারের টাকা দেওয়ার সমালোচনার জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘একটা ব্যাংক লাটে উঠলে তা হবে জাতীয় ক্ষতি। তাই করের টাকা দিয়ে ঘাটতি পূরণ করা হয়। এখন থেকে প্রস্তাব থাকবে ভালোভাবে পরীক্ষা করে ঋণ দেওয়ার এবং সব ব্যাংক থেকে কেরানি শ্রেণির জনবল তুলে দিতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ১৫ বছর ধরেই তিনি বলে আসছেন কিছু ব্যাংককে একীভূত (মার্জার) হয়ে যেতে হবে এবং এটা হতেই হবে। আগামী বছরের মধ্যে এ ব্যাপারে আইনি কাঠামো তৈরি করবেন তিনি।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান ব্যাংক খাতে দুর্নীতির চেয়েও অপচয় বেশি হয় বলে মনে করেন। ব্যাংকে স্থায়ী পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার বিরোধিতা করে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা উচিত না। তিনি আসবেন এবং চলে যাবেন, ব্যাংকে স্থায়ীভাবে বসবেন না।’
অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, বেসিক ব্যাংক থেকে ২ হাজার ৯০০ কোটি টাকা নিয়ে নিল ৭০ থেকে ৮০ জন লোক। ব্যাংকটিতে এমন একজন চেয়ারম্যান ছিলেন যে এজেন্ডাতেই ছিল না এমন প্রস্তাবেও ঋণ দেন তিনি। অন্য ব্যাংক থেকে চাকরি চলে যাওয়া কর্মকর্তাকে নিয়োগ দিয়ে ঋণ দেওয়া হয়েছে।
আবদুর রাজ্জাক বলেন, ‘বেসিক ব্যাংকে ডাকাতির চেয়েও বড় কিছু হয়েছে। ওই চেয়ারম্যানের দুর্নীতির প্রমাণসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিত্র উপস্থাপন করলেও সংস্থাটি আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সংসদীয় কমিটির বৈঠকে অনুরোধ করেও দুদকের কাউকে আনতে পারিনি।’ ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাক বলেন, ‘সম্প্রতি একটি টক শোতে গিয়েছিলাম। একজন সাংবাদিক বললেন, ‘জানেন নাকি, একটি ব্যবসায়ী গ্রুপের কাছে ৬৫ হাজার কোটি টাকা। ওই গ্রুপটি পাঁচ থেকে সাতটা ব্যাংকের মালিক। তাই যদি হয়, তাহলে জাতির কাছে কী বার্তা যায়?’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির দাবি করেন, ব্যাংক খাত নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো বিরোধ নেই। তিনি বলেন, ঋণ বিতরণে কেওয়াইসি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং সহায়ক জামানত নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সরকারি কোষাগার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে মূলধন দেওয়ার পক্ষে মত দিয়ে বলেন, একটা ব্যাংক ব্যর্থ হলে গোটা ব্যাংক খাতে খারাপ বার্তা যাবে।

চেয়ারম্যান-এমডিদের আত্মরক্ষা
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, সরকারের জন্য কাজ করতে গিয়েও ব্যাকগুলোর অবস্থা খারাপ হচ্ছে। যেমন ঢাকায় মেয়র হানিফ উড়ালসড়ক নির্মাণে অগ্রণী ব্যাংকসহ রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করে পুরো বিনিয়োগ নিয়ে আজ বিপাকে।
মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), ডিএমডি থেকে ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) পদোন্নতি এবং এমডিদের চাকরির মেয়াদ বৃদ্ধিতে বর্তমানে পারফরম্যান্স বিবেচনার কোনো সুযোগ নেই জানিয়ে জায়েদ বখত বলেন, এ, বি, সি—এ ধরনের শ্রেণি থাকলে এ ব্যাপারে উচ্চপর্যায়ের তদবির কমে আসত। ব্যাংকের পর্ষদ সদস্যদের কার্যক্রমও তদারক হওয়া দরকার বলে মনে করেন জায়েদ বখত।
জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বলেন, টাকা আদায় না হওয়ার কারণ একই বিষয়ে এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে রিট হওয়া। এ ব্যাপারে প্রতিকার চেয়ে অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিলেও কোনো ফল পাওয়া যায়নি।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ বলেন, ‘আসল জায়গায় ধরুন। অনিয়ম-দুর্নীতির জন্য দায়ী পর্ষদ ও ব্যবস্থাপনার শীর্ষ ব্যক্তিরা। বাজারে যাঁর বদনাম, তাঁকে এমডি নিয়োগ করবেন, এটা ঠিক না।’ তিনি আরও বলেন, ‘মানলাম-অনিয়মের আশ্রয় নিয়েই কেউ বড় অঙ্কের টাকা নিয়ে কারখানা করল এবং সেখানে কয়েক হাজার লোক কাজে নিয়োজিত হয়ে পড়ল। লোকটাকে ধরে জেলে পুরলে একদিকে ব্যাংকের টাকা পাওয়া অনিশ্চিত হয়ে যায়, অন্যদিকে বন্ধ হয়ে যায় কারখানাটা।’
রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান বলেন, রূপালীসহ সব সরকারি ব্যাংককে সরকারেরও কাজ করতে হয়। সুতরাং সরকার এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। পর্ষদে পর্যবেক্ষক নিয়োগে বিদেশিদের কাছে খারাপ বার্তা যায়।
অগ্রণী ব্যাংকের এমডি শামস্-উল-ইসলাম ব্যাংক খাতে অসম প্রতিযোগিতা হচ্ছে বলে দাবি করেন। বলেন, ‘দিনের পর দিন লালন করছি এমন গ্রাহকদের কম সুদে ঋণ দিয়ে নিয়ে যাচ্ছে বিদেশি ব্যাংকগুলো।’
সাবেক সচিবেরা এক পক্ষ
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী (বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএর চেয়ারম্যান) বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গঠনের সমালোচনায় দুই থেকে তিনজন লোক সব সময় সোচ্চার।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস বলেন, বেসিক ব্যাংকের মতো একটি অনন্য ব্যাংক মাত্র একজন ব্যক্তির কারণে নষ্ট হয়ে গেল। অনেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভাগের দ্বৈত শাসনের প্রশ্ন তোলেন, তা ঠিক নয়।
বিভাগের আরেক সাবেক অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জিও ২০০৭ সালে ব্যাংকগুলোকে কোম্পানি করা ভুল হয়েছে; যে কারণে এত সমস্যা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, আসল সমস্যা সুশাসনের। এখানে হয়তো কেউ কথা বলবেন না। তবে জরিপ করলে বেশির ভাগ লোকই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলবেন।
পুরো কর্মশালায় মন্ত্রী, সচিবদের কেউই ব্যাংকের পর্ষদ সদস্যদের যোগ্যতা, তাঁদের নিয়োগের প্রক্রিয়া ও দায়-দায়িত্ব নিয়ে কথা বলেননি।