ইন্দো-বাংলা বাণিজ্য মেলা উপলক্ষে ঢাকায় এসেছিলেন ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর অন্যতম আসামের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী গৌতম রায়। গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপ করেছেন দ্বিপক্ষীয় বাণিজ্য ও আঞ্চলিক সম্পৃক্ততা নিয়েপ্রথম আলো: ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে আসাম সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে আসামের আগ্রহ কতটুকু?গৌতম রায়: আসামের আগ্রহ আছে। এ জন্য দরকার যোগাযোগ-সুবিধার সম্প্রসারণ। নৌপথে পণ্য আনা-নেওয়া অনেক ব্যয়সাশ্রয়ী। ঐতিহাসিকভাবেই এই যোগাযোগটি আছে। এখন নৌপথের নাব্যতা নিশ্চিত করা দরকার। ব্রহ্মপুত্র ও কুশিয়ারা নৌপথে করিমগঞ্জ ও ধুবি দিয়ে পণ্য যায়। সারা বছর ব্যবহার উপযোগী রাখতে ড্রেজিং বা নাব্যতা জরুরি। নৌপথের পাশাপাশি রেলপথে যোগাযোগ বাড়ানো দরকার। আখাউড়া-আগরতলা রেলসংযোগ স্থাপন হচ্ছে। আসামের জন্য শিলচর-মহীশ্মশান রেলপথটি সংস্কার জরুরি। রেলপথে যোগাযোগ অনেক নিরাপদ। আর ব্যয়সাশ্রয়ী তো বটেই। আমরা ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে এসব বিষয়ে আমাদের আগ্রহের কথা জানিয়েছি। এ ছাড়া সড়কপথেও যোগাযোগ বাড়াতে হবে। যোগাযোগ-সুবিধা বাড়ানো ছাড়া তো বাণিজ্য সম্প্রসারণ হয় না।প্রথম আলো: ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব রাজ্যগুলোর মোট বাণিজ্যের ৯০ শতাংশই আসলে আসামমুখী। বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিলে এই বাণিজ্যের কতটুকু ট্রানজিট-ট্রানশিপমেন্টে আসবে বলে মনে করেন?গৌতম রায়: ট্রানজিট-ট্রানশিপমেন্টের জন্য যোগাযোগ অবকাঠামো গুরুত্বপূর্ণ। সে জন্যই তো নৌপথের নাব্যতা ও রেলপথ সংস্কারের বিষয়টি নিয়ে আমরা বলেছি। আমাদের মুখ্যমন্ত্রীও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন। শুধু আসাম নয়, উত্তর-পূর্ব অন্য রাজ্যগুলোর জন্যও সহজ যোগাযোগটা গুরুত্বপূর্ণ। যোগাযোগ ভালো হলে বাণিজ্য ভালো হবে। তা ছাড়া, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে ক্রমেই ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এর সুফল পাচ্ছেন ব্যবসায়ীরা। প্রথম আলো: ট্রানজিট হলে তো আসাম চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে? সে ক্ষেত্রে আসামের বিভিন্ন পণ্য যেমন, ‘আসাম চা’ আন্তর্জাতিক বাজারে রপ্তানি কী সহজ হবে না?গৌতম রায়: আখাউড়া হয়ে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ আছে। তবে চট্টগ্রাম বন্দর ব্যবহার বা এ-জাতীয় বিষয়গুলো সরকারের নীতিনির্ধারণের বিষয়। আমি ঠিক এ বিষয়ে মন্তব্য করতে চাই না।প্রথম আলো: আসামে বাংলাদেশি পণ্যের চাহিদা কী রকম আছে? গৌতম রায়: বাংলাদেশ তো অনেক অগ্রগতি করেছে। হ্যাঁ, আসামে বাংলাদেশি পণ্যের ভালো চাহিদা আছে। বাংলাদেশ থেকে সিমেন্ট যাচ্ছে, প্লাস্টিক পণ্য যাচ্ছে। প্রাণের জুস ও আচারের তো ভালো চাহিদা। এসব পণ্য আসামে ভালো চলছে। প্রতিবছরই চাহিদা বাড়ছে। আসাম তো বাংলাদেশি পণ্যের একটি ভালো বাজার হয়ে উঠছে। যোগাযোগ সহজ হলে আরও পণ্য আসবে।প্রথম আলো: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আর কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন?গৌতম রায়: আসামের সঙ্গে এটি সীমান্ত হাট হওয়া প্রয়োজন। এটা সুতারকান্দিতে হতে পারে। বর্তমানে শুধু মেঘালয়ের সঙ্গে সীমান্ত হাট চালু হয়েছে। ত্রিপুরা ও মিজোরামের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত হাট হবে। কিন্তু আসামের সঙ্গে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অনুরোধ করব।প্রথম আলো: আপনার কাজের ক্ষেত্র নিয়ে একটু জানতে চাই। আপনি পল্লি এলাকায় পানি সরবরাহ বিশেষত, বিশুদ্ধ পানি সরবরাহের দিকে জোর দিয়েছেন বলে জেনেছি। এখানে কী রকম অগ্রগতি করতে পেরেছেন?গৌতম রায়: আমরা কাজ করছি। কাজের অগ্রগতি ভালো। এ জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ১০০ কোটি রুপির প্রাইজ মানি দিয়েছে আসামকে। পল্লি এলাকায় আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির জন্য আমরা বিভিন্ন মেয়াদের কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছি। ইতিমধ্যে সুফল আসতে শুরু করেছে।প্রথম আলো: আপনাদের সাফল্যের অভিজ্ঞতা কি বাংলাদেশের সঙ্গে বিনিময় করা যায়?গৌতম রায়: বাংলাদেশের আর্সেনিক সমস্যার ধরন সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা নেই। কাজেই আমি ঠিক বলতে পারব না যে আসামের এসব কর্মসূচি কীভাবে বাংলাদেশে কাজে লাগতে পারে। আর অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি নীতিগত বিবেচনার বিষয়। আপাতত এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]