আসিয়ানে যুক্ত হতে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাতি রাষ্ট্রগুলোর সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) আকার বৃদ্ধির প্রক্রিয়া চলছে।

আসিয়ানে যুক্ত হওয়ার পথে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, জাপানসহ আরও কয়েকটি দেশ। বাংলাদেশও রয়েছে এ তালিকায়। আসিয়ানে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ হবে—বাণিজ্য মন্ত্রণালয় তা যাচাইয়ের কাজ করছে।

বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আসিয়ানের সদস্য হওয়ার ব্যাপারটি আমরা গুরুত্বের সঙ্গেই চিন্তা করছি। প্রাথমিকভাবে মনে করছি, এই সংস্থার সদস্য হতে পারলে ভালোই হবে আমাদের।’

১৯৬৭ সালে আসিয়ানের যাত্রা শুরু হয়। শুরুর দিকে সদস্য ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ড। ১৯৮৪ সালে ব্রুনেই দারুসসালাম, ১৯৯৭ সালে ভিয়েতনাম ও লাও পিডিআর এবং ১৯৯৯ সালে সদস্য হয় কম্বোডিয়া। বর্তমানে আসিয়ানের সদস্যরাষ্ট্র ১০টি। শিগগির আরও ছয়টি দেশ যুক্ত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চলতি মাসের মাঝামাঝি জাপান সরকারের আমন্ত্রণে ওই দেশে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তার আগে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঢাকা কার্যালয় একটি প্রতিবেদন পাঠিয়েছে গভর্নরের কাছে।

বাণিজ্যসচিবের কাছে এ বিষয়ে সম্প্রতি পাঠানো এক চিঠিতে গভর্নর বলেছেন, ‘আসিয়ানের ব্যাপারে সরকারের মনোভাব জানার দরকার। আমিও এ নিয়ে জাপান সরকারের সঙ্গে কথা বলতে পারি।’