আস্থা ফেরাতে হবে, সবার সতর্কতাও কাম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের বর্তমান অবস্থায় সবচেয়ে বড় সংকট হচ্ছে আস্থার। যে বিনিয়োগকারী মাত্র কিছুদিন আগে অতিমূল্যায়িত শেয়ার কিনতে কোনো ভয় পাননি, তিনিই এখন যৌক্তিক দামে অথবা তার থেকেও অনেক কম দামে একই শেয়ার কিনছেন না। বিনিয়োগকারীদের মনে ভয়—শেয়ারের দাম যদি আরও কমে যায়। এই ভয় দূর করতে না পারলে বাজার স্থিতিশীল হবে না। যত দ্রুত এই ভয় দূর করা যাবে, ততই বাজারের জন্য মঙ্গল। পাশাপাশি বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দায়দায়িত্বও খতিয়ে দেখতে হবে।এসইসির ব্যর্থতা: পুঁজিবাজারের আয়তন বৃদ্ধি পাওয়া শুরু হয় গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে। সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে কয়েকটি সরকারি কোম্পানির পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হওয়া, গ্রামীণফোনের তালিকাভুক্তির প্রক্রিয়া এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নেতৃত্ব বাজারকে একটি পর্যায় থেকে অন্য একটি পর্যায়ে উন্নতি করেন। সংকটের শুরু হয় এসইসির নেতৃত্ব পরিবর্তনের পর থেকে। এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী অবসর গ্রহণের পর এসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু কর। ডিএসইর নেতৃত্বের একটি অংশকে খুশি করার জন্য এসইসি গ্রামীণফোনের আইপিও অনুমোদন-প্রক্রিয়া স্থগিত করে দেয় এই যুক্তিতে যে, এর প্রিমিয়াম বেশি। গ্রামীণফোনের আইপিও তত দিন পর্যন্ত বন্ধ থাকে, যত দিন পর্যন্ত ডিএসই নেতৃত্বের একটি অংশ বিষয়টিতে সবুজ সংকেত দেয়নি। বলা যেতে পারে, শেয়ারের অভিহিত মূল্য জোরজবরদস্তিমূলকভাবে ১০ টাকা করার সর্বনাশা খেলা শুরু হয় গ্রামীণফোন থেকে। এর মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি হয় এসইসির। জনমনে ধারণা জন্ম নেয়, এসইসি ডিএসই নেতৃত্বের একটি অংশের আজ্ঞাবহ। এটি আরও পোক্ত হয় যখন সরকারের নির্দেশে ডিএসইর নেতৃত্ব নির্বাচনে হস্তক্ষেপ করে, যেন ডিএসইর নেতৃত্বের একটি অংশের বিরোধীরা নির্বাচনে অংশ নিতে না পারে। বিষয়টি আদালতে গড়ালে এসইসির হস্তক্ষেপ সফল হয়নি। কিন্তু একটি পেশাদারি ও গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়, যা আজও এসইসি পুনরুদ্ধার করতে পারেনি। এসইসির নেতৃত্বের দুর্বলতার কারণে শুধু ডিএসই নয়, সরকারের বিভিন্ন মহল থেকেও এসইসির কাজে হস্তক্ষেপ শুরু হয়। সিদ্ধান্ত নেওয়া শুরু করে কখনো সংসদীয় কমিটি, আবার কখনো অর্থ মন্ত্রণালয়। ২০১০ সালে এসইসি বাজারের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করে। এর মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়াও রয়েছে। এসব নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ কাজ করেনি। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসির ওপর মানুষের আস্থা কমে যাওয়াই এর কারণ। আবার যখন বাজার নিয়ন্ত্রণের জন্য এসইসি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছিল, তখন ডিএসই নেতৃত্বের একটি অংশ থেকে ব্যাপক প্রচার চালানো হয় যে, সরকার কোনোভাবেই বাজারকে পড়তে দেবে না। তবে এসইসির পরামর্শে ডিএসই এবং সিএসইর প্রেসিডেন্টদ্বয় একসময় প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলেন, বাজার অতিমূল্যায়িত এবং নতুন বিনিয়োগকারীদের বাজারে আসা উচিত নয়। তবে সরকারের ঘনিষ্ঠ ডিএসই নেতৃত্বের একটি অংশ সুকৌশলে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেনি। সরকারি শেয়ার: সময়মতো সরকারি শেয়ার বাজারে এলে একদিকে সরকার লাভবান হতো, অন্যদিকে বড় বিপর্যয় এড়ানো যেত বলে অনেকেই মনে করেন। দেশের প্রধানমন্ত্রী সরকারি শেয়ার বাজারে আসতে অনুমতি দেওয়ার পরও কেন তা এল না, তা আজও এক রহস্য। যাঁরা সরকারি শেয়ার বাজারে আসতে দেননি, তাঁরা যে কত বড় ক্ষতি করেছেন, সেটা তাঁদের কে বোঝাবে? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: আগের তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা বাংলাদেশের পুঁজিবাজারে বাড়লেও বহুলাংশে তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতোই আচরণ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, সূচক যখন ব্যাপকভাবে বাড়ছিল, তখন এক দিনের জন্যও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্রয় বন্ধ করেনি। অন্যদিকে যখন দরপতন হচ্ছে, তখন তারাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো অপেক্ষা করছে। কিছু ব্যতিক্রম বাদ দিলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পোর্টফোলিও গঠন না করে শুধু ঋণের ব্যবসায় লিপ্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক: ঊর্ধ্বগতির সময় সবাই জানতেন যে বাজার একসময় না একসময় সংশোধন হবেই, অর্থাৎ দরপতন ঘটবে। তবে অল্প সময়ে বিরাট সংশোধনের তথা বিরাট পতনের জন্য অনেকাংশে দায়ী বাংলাদেশ ব্যাংকের ভূমিকা। গত কয়েক বছর বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়মনীতির তোয়াক্কা না করে পুঁজিবাজারে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। এমনকি শিল্পঋণের টাকাও এখানে নিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংক সময়মতো এ বিষয়গুলো দেখলে সম্ভবত বাজার এত স্ফীত হতো না। বরং অনেকটা হঠাৎ করে ২০১০ সালে শেষের দিকে একবারে সবকিছু নিয়ন্ত্রণ শুরু করে। ফলে তারল্য থাকার পরও অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়মের কঠোরতায় পুঁজিবাজারে ভূমিকা পালন করতে পারছে না। এভাবে বহু দিনের অনিয়ম অল্প সময়ে ঠিক করে ফেলার চেষ্টা বিপদ ডেকে এনেছে। বিনিয়োগকারীদের বিক্ষোভ: বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশে, যেখানে দরপতনে ব্যাপক বিক্ষোভ হয়। আর কিছু স্বার্থান্বেষী মহল বিনিয়োগকারীদের ব্যবহার করে এসইসি থেকে তাদের নিজেদের বিষয়টি অনুমোদন করানোর জন্য। বিনিয়োগকারীদের বিক্ষোভ যেনতেনভাবে বন্ধ করতে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য ভালো হয় না। বিক্ষোভ করে কখনো দরপতন বন্ধ করা যায় না। বাজারেরও উন্নতি হয় না। বিক্ষোভ-ভাঙচুর পুঁজিবাজারের জন্য এটি অশনিসংকেত। স্বল্পসংখ্যক বিনিয়োগকারীর এই মনোভাব বাজারকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পুঁজিবাজার সবার জন্য নয়: পুঁজিবাজার সবার জন্য নয়। এই বাজার যাঁদের বড় সঞ্চয় আছে, শুধু তাঁদের জন্য। আবার সব সঞ্চয় পুঁজিবাজারে বিনিয়োগ করা কোনোভাবেই উচিত নয়। সঞ্চয়ের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা যেতে পারে। বিনিয়োগ করার আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত, বিনিয়োগে ক্ষতির সম্মুখীন হলে তা মেনে নেওয়ার মতো সামর্থ্য বিনিয়োগকারীর আছে কি না। জমিজমা বিক্রি করে, ধারকর্জ করে পুঁজিবাজারে বিনিয়োগ একেবারেই উচিত নয়। নতুন বিনিয়োগকারীদের উচিত প্রাথমিকভাবে শুধু আইপিওতে বিনিয়োগ করা। আর একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরাসরি সেকেন্ডারি বাজারে বিনিয়োগ করা উচিত নয়। মধ্যম শ্রেণীর বিনিয়োগকারীদের উচিত মিউচুয়াল ফান্ড অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে বিনিয়োগ করা। যাঁরা ভাবেন, পুঁজিবাজারে বিনিয়োগ করলে প্রতিদিন লাভ হয় বা মাসিক খরচের একটি অংশ উঠে আসে, তাঁরা ভুল করেন। বেশি লাভ চাইলে পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করতে হয়। আর যাঁরা ঋণ নিয়ে পুঁজিবাজারে ব্যবসা করেন, তাঁদের মনে রাখা প্রয়োজন, নিজস্ব সঞ্চয় থেকে যে পরিমাণ মুনাফা প্রয়োজন, তার থেকে বেশি মুনাফা ঋণের ক্ষেত্রে প্রয়োজন। কেননা, ঋণের জন্য সুদ দিতে হয়। বর্তমান সময়ে করণীয়: বর্তমানে সবচেয়ে করণীয় বিষয়ের মধ্যে আস্থার সংকট দূর করা প্রথম এবং প্রধান কাজ। বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানো, তাঁদের সাহস দেওয়া খুবই জরুরি। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এসইসির চেয়ারম্যান যৌথভাবে বিনিয়োগকারীদের উদ্দেশে আশার কথা বললে বিনিয়োগকারীরা সাহস পাবেন। বাজারও নিজস্ব শক্তিতে একসময় ঘুরে দাঁড়াবে। বিশ্বব্যাপী সমন্বিত আর্থিক সংকটে পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। কোনো বাস্তববাদী লোক এই কথা বলবে না যে, বাংলাদেশ ব্যাংক আইনকানুনের লঙ্ঘন উপেক্ষা করবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সাময়িক কিছু ছাড় বাজারকে দ্রুত স্থিতিশীলতায় আনতে সহায়তা করবে। এতে মূল্যস্ফীতি উসকে দেওয়া হবে না। তা ছাড়া নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি আমাদের মতো দেশে মূল্যস্ফীতি রোধে কতখানি সহায়ক ভূমিকা রাখে, তা গভীর বিশ্লেষণের দাবি রাখে। অমিত সম্ভাবনার বাজার: বর্তমান সংকটের কারণ যা-ই হোক না কেন, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মাঝেমধ্যেই এ ধরনের সংকট হয়ে থেকে। আবার তা থেকে উত্তরণও ঘটে। বাংলাদেশের পুঁজিবাজারও একসময় উঠে দাঁড়াবে এবং সামনে এগোবে। তবে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসতেই কতগুলো দীর্ঘমেয়াদি সংস্কারের কথা সবাইকে ভাবতে হবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসির প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই জরুরি। এই সংস্থাটিকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে এসে যথাযথ স্বায়ত্তশাসন দিতে হবে, নিজস্ব বাজেট প্রণয়ন এবং বেতন নির্ধারণের ক্ষমতা দিতে হবে। স্টক এক্সচেঞ্জগুলোর ডিমিউচুয়ালাইজেশন, নিরীক্ষা পেশার উন্নয়নের জন্য পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বন্ড মার্কেট চালু করা ও ডেরিভেটিভসহ বিভিন্ন আর্থিক পণ্য প্রবর্তন করা যেতে পারে। ভালো সিকিউরিটিজের সরবরাহ বাড়ানোর তো কোনো বিকল্প নেই। পুঁজিবাজারের মামলাসমূহ নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে পৃথক বেঞ্চ গঠন করা এবং বিভিন্ন তদন্তের সময় ব্যাংক ও টেলিফোন রেকর্ড দেখার ক্ষমতা দেওয়া প্রয়োজন।ফয়সাল আহমেদ: পুঁজিবাজার বিশ্লেষক।