আস্থার অভাবে দেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্থার অভাবে এ দেশে কাঙ্ক্ষিত পরিমাণে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসছে না। বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের মধ্যে এ দেশের প্রতি আস্থা বাড়াতে হবে। এ কাজটি করতে পারে সরকার এবং এ দেশে সফল হওয়া বিদেশি বিনিয়োগকারীরা।
সরাসরি বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও সমস্যা নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা এসব কথা বলেছেন। রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ বলেন, ‘আমার কারখানায় আজ গ্যাসের সরবরাহ আছে; আমি জানি না, আগামীকাল থাকবে কি না। এই আস্থার অভাবেই দেশে বিদেশি বিনিয়োগ আসছে না।...শুধু বিদেশিদের মধ্যে নয়, দেশীয়দের মধ্যেও আস্থা কমে গেছে। পর্যটন খাতের কথাই ধরেন। অস্থিতিশীল রাজনৈতিক অবস্থাসহ নানা কারণে দেশের মানুষই এখন কক্সবাজারে ঘুরতে যাচ্ছে না। আমি যদি আমার নিজের দেশের লোকদেরই কক্সবাজারে নিয়ে যেতে না পারি, তাহলে কীভাবে আশা করি, নেপাল থেকে একজন পর্যটক কক্সবাজারে ঘুরতে আসবেন?’
ডিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, যেসব বিদেশি বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগ করে সফল হয়েছেন, তাঁদের উচিত অন্যদের আস্থা বাড়ানো, যেন তাঁরা এ দেশে বিনিয়োগ করতে আসেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ টেলিযোগাযোগ খাতের বিনিয়োগ নিয়ে কয়েকটি সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, এ দেশে নিয়ন্ত্রণকাঠামোর স্বচ্ছতার অভাব রয়েছে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অনেক সময়ই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেয়। এতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমস্যায় পড়ে। বাণিজ্যিক স্বাধীনতা অনেক ক্ষেত্রেই ব্যবসায়িক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোকে অনেক বেশি হারে কর দিতে হচ্ছে। এসব বিষয় নেতিবাচকভাবে দেখেন বিনিয়োগকারীরা।
সান্তোস বাংলাদেশের সভাপতি অ্যান্ড্রু ডি গেরিস বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যেকোনো বিনিয়োগের জন্যই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে প্রয়োজন কার্যকর ধারাবাহিক নীতিমালা। তিনি বলেন, বাংলাদেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ঘাটতি আছে। এ দেশে পর্যাপ্ত গ্যাস মজুত আছে। কিন্তু বেশি বিদেশি প্রতিষ্ঠান গ্যাস উত্তোলনে এগিয়ে আসছে না।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মজিবুর রহমান বলেন, এ দেশে বিদেশি বিনিয়োগ না আসার বড় কারণ সামগ্রিক বিনিয়োগ পরিবেশ; শুধু গ্যাস কিংবা জমি নয়। সব নীতিমালার মধ্যে সমন্বয় থাকতে হবে। বিনিয়োগকারীদের জন্যই এটা করা প্রয়োজন।
মূল প্রবন্ধে কোরিয়ান ইপিজেড করপোরেশনের (বিডি) সভাপতি জাহাঙ্গীর সাদাত বলেন, বিনিয়োগকে উৎসাহিত করার জন্য অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা একান্ত আবশ্যক। তিনি অভিযোগ করেন, কেইপিজেডে নানা ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য ১৯৯৮ সালে আবেদন করা হয়েছিল, ওই সনদ পাওয়া গেছে ২০০৯ সালে। কেইপিজেডে ১৪ ধরনের কারখানা স্থাপনের বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ করা আছে।
বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে কয়েক ধরনের প্রতিবন্ধকতায় পড়েন বলে মন্তব্য করেন ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান। এগুলো হলো আমলাতান্ত্রিক জটিলতা, অনিশ্চিত আইনি সুরক্ষা, জমি, জ্বালানি ও পরিবহন অবকাঠামোর অপর্যাপ্ততা, রাজনৈতিক অস্থিতিশীলতা, নীতিমালার ঘন ঘন পরিবর্তন।