আস্থার সংকটের একটি সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছে মাত্র পাঁচ মিনিট। আর এ স্বল্প সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ৫৮৭ পয়েন্টের বেশি। অথচ সূচক যাতে কোনোভাবেই এক দিনে ২২৫ পয়েন্টের বেশি কমতে বা বাড়তে না পারে, সে জন্য এর আগের দিন (বুধবার) মূল্যসূচকে সার্কিট ব্রেকার বসানো হয়েছিল। সরকারের সঙ্গে আলোচনা করে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দুই স্টক এক্সচেঞ্জকে সিদ্ধান্তটি কার্যকর করার নির্দেশ দেয়। প্রথম দিন এ সিদ্ধান্তটি কার্যকর করা গেলেও দ্বিতীয় দিন এসে সার্কিট ব্রেকারের অসারতা ফুটে ওঠে। এসইসি ও ডিএসই বলছে, ডিএসইতে এখনো সূচকের স্বয়ংক্রিয় সার্কিট ব্রেকার চালু হয়নি। তাই বিষয়টি ‘ম্যানুয়ালি’ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তা ছাড়া ডিএসইর লেনদেনের তথ্য প্রতি পাঁচ মিনিট পরপর হালনাগাদ হয়। ফলে প্রথম পাঁচ মিনিট যাওয়ার আগে সূচকের অবস্থান সম্পর্কে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। এ কারণে মূল্যসূচকের পতন সার্কিট ব্রেকারের সীমা ছাড়িয়ে গেলেও ডিএসইর সার্ভিলেন্সের করার কিছুই ছিল না। এই দুই সংস্থা যে-ই ব্যাখ্যা দিক না কেন, বাজার বিশেষজ্ঞরা বলছেন, সার্কিট ব্রেকার বসানোর সিদ্ধান্তটিই ছিল এসইসির বড় ধরনের ভুল। কারণ, বাজারের ওপর বিনিয়োগকারীরা যখন আস্থা হারান, তখন সবাই বিক্রেতা হয়ে যান। কে কার আগে শেয়ার বিক্রি করবেন, সেটাই থাকে সবার লক্ষ্য। এ অবস্থয় যখন সূচকে পতনের সীমা বেধে দেওয়া হয়, তখন বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মূলত এ কারণেই ‘ম্যানুয়ালি’ নিয়ন্ত্রিত সার্কিট ব্রেকার কোনো কাজেই আসেনি। বাজার বিশেষজ্ঞরা আরও বলেন, শেয়ারবাজারকে অবশ্যই তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বা সরকারের কোনো নীতির কারণে বাজারে ধস নামলে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের ভূমিকা প্রয়োজনীয় হয়ে ওঠে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাজারে এখন সবচেয়ে বড় সমস্যা বিনিয়োগকারীদের আস্থার সংকট। আর এ সংকট তৈরির পেছনে কিছু কিছু ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক কম দায়ী নয়। অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান থেকে ভীতি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে।রেজাউল করিম নামের এক বিনিয়োগকারীর মুখেও একই অভিযোগ শোনা গেল। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি যে ব্রোকারেজ হাউসে লেনদেন করি, সেই ব্রোকারেজ হাউসের প্রধান সেদিন বলছিলেন সূচক আরও কমবে। এ কথা শুনে আমি বৃহস্পতিবার শেয়ার বিক্রি করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু লেনদেন স্থগিত হয়ে যাওয়ায় সম্ভব হয়নি। এখন খুবই দুশ্চিন্তার মধ্যে আছি।’রেজাউল করিম জানান, বাজারে তাঁর ১০ লাখ টাকা বিনিয়োগ ছিল। এখন তা তিন লাখ টাকায় এসে ঠেকেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাধারণ সূচক কমেছে এক হাজার ২৪৯ পয়েন্টের বেশি। সূচক পতনের হার ছিল ১৬ দশমিক ৩০ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ দিনেই সূচক কমেছে প্রায় সাড়ে ৮ শতাংশ। এভাবে সূচক পতনের ঘটনায় হতভম্ব হয়ে পড়ে খোদ এসইসি। তাই সংস্থাটির কর্তাব্যক্তিরা সবাই ব্যস্ত হয়ে পড়েন কারণ অনুসন্ধানে। এরই ধারাবাহিকতায় ছয়টি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে আগ্রাসীভাবে শেয়ার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোর লেনদেন এক মাসের জন্য স্থগিত করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, পিএফআই সিকিউরিটিজ, অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট এবং আইআইডিসি সিকিউরিটিজ লিমিটেড। অব্যাহত দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সপ্তাহজুড়েই বিক্ষোভ প্রদর্শন করেছেন। যতই দিন গেছে, বিক্ষোভের মাত্রা ততই বেড়েছে। একপর্যায়ে রাজধানীর গণ্ডি ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের গুরুত্বপূর্ণ জেলা শহরে। বিষয়টি এখন আর কেবল কিছু বিনিয়োগকারীর মধ্যে সীমাবদ্ধ নেই। বরং নতুন একটি রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। এরই মধ্যে বিরোধী দল এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে। বাজার পরিস্থিতি: ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে তিন হাজার ২৩০ কোটি টাকার। আগের সপ্তাহের চেয়ে যা প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ কম। শুধু লেনদেনই নয়, দাম কমার কারণে সপ্তাহের পাঁচ কর্মদিবসে বাজার মূলধন কমেছে ৪৪ হাজার কোটি টাকা। এ সময় সারা সপ্তাহজুড়ে মাত্র চারটি সিকিউরিটিজের দাম বাড়তে দেখা গেছে। সেগুলো হলো: প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড ও গ্ল্যাক্সো স্মিথ। এর বাইরে লেনদেন হওয়া সব শেয়ারের দামই কমেছে।