আহত ব্যক্তিরা এখনো সুস্থ হয়ে ওঠেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে দুই সন্তান রমজান ও সানজিদাকে নিয়ে যোগ দেন রানা প্লাজা ধসে আহত শ্রমিক সাবিনা বেগম l প্রথম আলো
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে দুই সন্তান রমজান ও সানজিদাকে নিয়ে যোগ দেন রানা প্লাজা ধসে আহত শ্রমিক সাবিনা বেগম l প্রথম আলো

রানা প্লাজা ধসে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৮ জন মারা যান। ভয়াবহ সেই ঘটনায় আহত হন ছয়জন। দুই বছর পেরিয়ে গেলেও আহত হওয়া এসব ব্যক্তি আজও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। পঙ্গু হয়ে তাঁরা এখন জীবনসংগ্রামে বিধ্বস্ত। আর নিহত ব্যক্তিদের পরিবারগুলোও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর শোক।
ওই ভবন ধসে মিঠাপুকুরের পূর্ব নারায়ণপুর গ্রামের মরিয়ম বেগমের মেরুদণ্ড ভেঙে যায়। এর পর থেকে তাঁর দুই পা অবশ। হুইলচেয়ারে করে অন্যের সাহায্যে চলাফেরা করেন। কান্নাজড়িত কণ্ঠে মরিয়ম প্রথম আলোকে বলেন, ‘এইভাবে বাঁচি থাকিয়া যে কত কষ্ট। তা কেমন করিয়া বোঝাও।’
একই গ্রামের আবদুল লতিফ এখনো কিডনি সমস্যায় ভুগছেন। তিনি জানান, ক্ষতিপূরণ বাবদ ৯৫ হাজার টাকা পেয়েছেন। মাসে একবার শরীর পরীক্ষা করাতে পাঁচ হাজার টাকা খরচ লাগে।
নাসিরাবাদ গ্রামের মেঘলা আক্তার বেঁচে গেলেও হাত ও কোমরের হাড় ভেঙে গেছে। তাঁর স্বামী আবদুল বাতেন মারা যান। মেঘলা জানান, ক্ষতিপূরণের টাকা দিয়ে একটি সেলাইয়ের মেশিন কিনেছেন। অনেক কষ্টে সেটি চালিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন।
বুঝরুখ তাজপুর গ্রামের মৌসুমী বেগম ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা পেয়েছেন। কিন্তু দুর্ঘটনার পর স্বামী শফিকুল ইসলাম মৌসুমীকে তাঁর মা-বাবার কাছে পাঠিয়ে দেন। আর কোনো যোগাযোগ রাখেননি।
এদিকে দুই বছরেও নিহত মোর্শেদুল ইসলামকে খুঁজে পাননি তাঁর বাবা আনসার আলী। তাঁদের বাড়ি সংগ্রামপুর গ্রামে। আনসার আলী বলেন, ‘ছাওয়ার লাশও পাইনো না। কত মানুষের কাছোত ধরনা দিছি। সবাই খালি আশ্বাস দিছে।’
কঞ্চিপাড়া গ্রামের নিহত শ্যামলী বেগমের মা সালেমা খাতুন বলেন, ‘সরকার এক লাখ টাকা দিছে। কিন্তু ছাওয়া হারানোর শোক কী ভোলা যায়? ’
বড় মির্জাপুর ইউনিয়নের নিহত আরজিনা বেগমের ছয় বছরের মেয়ে দৃষ্টি ও পঞ্চম শ্রেণিপড়ুয়া বড় মেয়ে আলপনা মায়ের কথা মনে করতেই কান্নায় ভেঙে পড়ে।