আহত শ্রমিকদের পুনর্বাসন করাই এখন বড় চ্যালেঞ্জ
সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় বলে উল্লেখ করেছেন পোশাক কারখানার শ্রমিক ও মালিকেরা। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তাঁরা বলেছেন, ‘আরেকটি রানা প্লাজা চাই না।’রানা প্লাজার ভবনধসের ১০০ দিন পূর্তিতে তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি বিজিএমইএ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন শ্রমিক-মালিক ও অন্যরা। রাজধানীতে বিজিএমইএ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আলোচকেরা রানা প্লাজার ভবনধসের উদ্ধার কার্যক্রমকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, এ ঘটনা দেশের সর্বস্তরের মানুষকে এক করেছে। এভাবে একসঙ্গে কাজ করলে যেকোনো বিপর্যয় মোকাবিলা করা সম্ভব। তাঁরা বলেন, যেসব শ্রমিক জীবিত আছেন, বিশেষ করে পঙ্গুত্ববরণ করেছেন, তাঁদের পুনর্বাসন করাই এখন বড় চ্যালেঞ্জ।সভার প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, রানা প্লাজায় শ্রমিকদের রক্ত পড়ে আছে। সে জায়গায় নিহত শ্রমিকদের জন্য স্মৃতিস্তম্ভ করা হবে। আর আহত শ্রমিকদের জন্য আয়ের উৎস তৈরি করা হবে। এ সময় তিনি বলেন, ‘রানা প্লাজা আর রানা সাহেবদের কাছে ফিরিয়ে দেওয়া হবে না।’ পঙ্গু হাসপাতালের পরিচালক আবদুল আউয়াল রিজভী বলেন, আহত শ্রমিকদের অনেকেরই হাত-পা সংযোজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই কাজ করছে। পাশাপাশি থাইল্যান্ড ও ভারতের বিভিন্ন হাসপাতাল থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে।নবম পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিকুর রহমান শিকদার বলেন, বিজিএমইএ আরও শক্তিশালী হোক। এমন কারখানা যেন নিয়মিত পরিদর্শন করা হয়। রানা প্লাজার মতো ভবনের তিনতলায় যেন কোনো জেনারেটর না থাকে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মেজর মো. মাহাবুব বলেন, সর্বস্তরের মানুষ প্রশিক্ষণ ছাড়াই যেভাবে একসঙ্গে রানা প্লাজার ভবনধসের উদ্ধারকাজ করেছেন, তা শুধু বাংলাদেশেই সম্ভব। তিনি বলেন, ‘তাজরীনের ঘটনা পর্যন্ত আমাদের শুধু আগুনের দিকেই নজর আটকে ছিল। কিন্তু রানা প্লাজা ঘটনার পর এখন আমাদের সব দিকেই নজর রাখতে হবে।’পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালরি এ টেইলর বলেন, রানা প্লাজায় আহত শ্রমিকদের ৯৭ জনকে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের অংশ হিসেবে সিআরপি কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে। শ্রমিকনেত্রী নাজমা আক্তার বলেন, নিহত ও আহত শ্রমিকদের কথা সবাই বলছে, সাহায্য দিচ্ছে। কিন্তু নিখোঁজ শ্রমিকদের পরিবারের জন্য এখনো কেউ এগিয়ে আসেনি, কেউ তাঁদের খোঁজও নেয় না।বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজায় নিহত শ্রমিকদের একটি সন্তানও যেন শিক্ষা থেকে এবং একজন শ্রমিকও যেন চাকরি থেকে বঞ্চিত না হন, সে দায়িত্ব বিজিএমইএ নিয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, নিহত শ্রমিকদের ৩০০ সন্তানের দায়িত্ব বিজিএমইএ নিয়েছে। তাদের মধ্যে ১০টি শিশুকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত দেখাশোনার দায়িত্ব নিয়েছে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে এই ১০ শিশুকে ওই অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হয়। এই শিশুদের দশম শ্রেণী পর্যন্ত পড়িয়ে পরে কারিগরি শিক্ষা দেওয়া হবে।রানা প্লাজার চাকরি হারানো এক হাজার ১০৭ জন শ্রমিকের মধ্যে গতকাল সাতজনের হাতে দুটি কারখানার নিয়োগপত্র দেওয়া হয়।রানা প্লাজার হতাহত শ্রমিকদের জন্য কাজ করার অবদান রাখায় ফায়ার সার্ভিস, সিআরপি এবং আঞ্জুমান মফিদুল ইসলামকে ১০ লাখ টাকা করে চেক দেয় বিজিএমইএ।অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার লেলিন, ঢাকা মেডিকেলের পরিচালক মোস্তাফিজুর রহমান, এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান এনামুর রহমান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান ও রিয়াজ বিন মাহমুদ, নারীনেত্রী শিরীন আক্তার বক্তব্য দেন।