আহত ৩০০ শ্রমিককে ফ্লেক্সিলোডের ব্যবসা দিচ্ছে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ৩০০ পোশাকশ্রমিককে সহায়তা হিসেবে ফ্লেক্সিলোডের ব্যবসা স্থাপন করে দিচ্ছে বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে রানা প্লাজায় আহত পাঁচজন পোশাকশ্রমিকের হাতে ফ্লেক্সিলোডের ব্যবসার জন্য সিম ও দুটি করে মুঠোফোন দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি ২৯৫ জন শ্রমিককে এসব সামগ্রী দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ প্রমুখ।
গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, ফ্লেক্সিলোড ব্যবসার জন্য সিম ও মুঠোফোনের পাশাপাশি কিয়স্ক স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হবে। এ ছাড়া তাঁদের ব্যবসা প্রবৃদ্ধির জন্য গ্রামীণফোন ডিস্ট্রিবিউটররা প্রশিক্ষণ দেবেন।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গ্রামীণফোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে শ্রমিকদের পুনর্বাসনের প্রক্রিয়া সহজ হবে। তিনি আরও বলেন, এই ৩০০ পোশাকশ্রমিক যদি ব্যবসার পাশাপাশি পোশাক কারখানায় কাজ করতে চান, তাহলে বিজিএমইএ এর ব্যবস্থা করে দেবে।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে।এতে এক হাজার ১৩২ জন শ্রমিক নিহত হন।