রানা প্লাজাধসের এক বছর: বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সেমিনার
আহতদের কর্মসংস্থান ও কারখানার নিরাপত্তা দাবি
রানা প্লাজা দুর্ঘটনায় আহত সব শ্রমিকের কর্মসংস্থান ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও শ্রমিক নেতারা। সেই সঙ্গে বিদ্যমান তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সকালে রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব দাবি জানানো হয়।
ফোরামের আহ্বায়ক আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ প্রতিমা পাল মজুমদার, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন, নারীনেত্রী শিরীন আখতার, হংকংয়ের এশিয়ান মনিটর রিসার্চ সেন্টারের কর্মকর্তা ওমানা জর্জ। মূল প্রবন্ধ পাঠ করেন আবুল হোসাইন। সঞ্চালনায় ছিলেন ফোরামের সচিব জাকির হোসেন।
পোশাক খাতে কর্মরত শ্রমিকদের পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি ও বিজিএমইএর পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে পরিচয়পত্র সরবরাহের কথা বলা হয় সেমিনারে। এর ফলে যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পরিচয় ও সংখ্যা নির্ধারণ সহজ হবে বলে বক্তারা মত দেন।
প্রতিমা পাল মজুমদার বলেন, যেসব তৈরি পোশাক কারখানা সাবকন্ট্রাক্টে কাজ করে সেসব প্রতিষ্ঠানে শ্রমিকের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। কারণ সেসব প্রতিষ্ঠান খুব বেশি তদারকির আওতায় থাকে না।
প্রতিমা পাল আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের উৎপাদনশীলতার তুলনায় মজুরি পর্যাপ্ত নয়। রানা প্লাজার ঘটনায় যেসব শ্রমিক আহত হয়েছে তাদের ৭৪ শতাংশ এখনো কোনো কাজ পায়নি।
বিনায়ক সেন বলেন, এই মুহূর্তে রাতারাতি দেশের সব তৈরি পোশাক কারখানাকে পরিপূর্ণ কমপ্লায়েন্সের আওতায় আনা কঠিন কাজ। এটি অনেক ব্যয়সাপেক্ষও বটে। তাই শ্রমিকের জীবনের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় বা পর্যাপ্ত কমপ্লায়েন্স নিশ্চিত করাটা জরুরি। বিনায়ক সেন আরও বলেন, রানা প্লাজায় আহত মহিলা শ্রমিকদের ওপর এখন পারিবারিক নির্যাতন চলছে। রানা প্লাজা দুর্ঘটনায় আহত ও কর্মহীন প্রত্যেক শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান এই গবেষক।
নারীনেত্রী ও সাংসদ শিরীন আখতার বলেন, রানা প্লাজার ঘটনায় যেসব শ্রমিক আহত হয়েছেন তাঁদের বেশির ভাগই এখন ট্রমাক্রান্ত জীবনযাপন করছেন। যেসব শিশু এই দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়েছে তারা সবচেয়ে দুঃসহ অবস্থায় রয়েছে। এই ঘটনায় এখন একে অপরকে দায়ী না করে সমস্যা সমাধানে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
কারখানাগুলোকে নিরাপদ কর্মস্থল হিসেবে গড়ে তোলার পাশাপাশি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার কথা বলেন শিরীন আখতার।
ওমানা জর্জ বলেন, তৈরি পোশাক খাতে যেসব আইন ও বিধিবিধান রয়েছে সেগুলো পরিপালনের ক্ষেত্রে অবকাঠামো দুর্বলতা বড় সমস্যা। বাংলাদেশের মতো চীন, ভারত, পাকিস্তানেও এই ধরনের সমস্যা বিদ্যমান। এসব দেশে শ্রমিকের জন্য পর্যাপ্ত আইন ও শ্রম অধিকার রয়েছে কিন্তু সেগুলোর বাস্তব প্রয়োগ নেই। শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশের বিষয়ে একধরনের আপস রফা হচ্ছে।
রানা প্লাজার ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ শাহীন এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি বলে সেমিনারে জানান। পাশাপাশি বিভিন্ন গার্মেন্টসে কাজের জন্য গেলে কাজ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শাহীন। তিনি জানান, কাজের জন্য একাধিক গার্মেন্টসে যাওয়ার পর সেখান থেকে তাঁকে বলা হয়েছে রানা প্লাজায় আহত কোনো শ্রমিককে কাজ দেওয়া হয় না।
মোহাম্মদ শাহীন ছাড়াও তৈরি পোশাক খাতের শ্রমিকনেতা রফিকুল ইসলাম, শামীমা আকতার, সুলতানা আকতার, ফেরদৌসী বেগম প্রমুখ সেমিনারে বক্তব্য দেন।