আহমেদ দাউদ সিএসইর সিআরও

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে আহমেদ দাউদকে নিয়োগ দেওয়া হয়েছে।
সিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এ-সংক্রান্ত চিঠি সিএসইর প্রধান কার্যালয়ে পৌঁছেছে।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাজিদ হোসেন বিএসইসির অনুমোদনের চিঠি পাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আহমেদ দাউদকে সিআরও পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিএসইসির অনুমোদনের চিঠি আজ হাতে পেয়েছি।’
এর আগে গত ৩০ এপ্রিল সিএসইর পর্ষদ সভায় আহমেদ দাউদকে সিআরও পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
সিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী সিআরও পদ সৃষ্টি করা হয়েছে। বর্তমান স্টক এক্সচেঞ্জের যে নিয়ন্ত্রণ কর্মকাণ্ড রয়েছে, তা যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য সাংগঠনিক কাঠামোতে এ নতুন পদ সংযোজন করা হয়েছে।
৪ মে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বিএসইসিতে পাঠানো হয়। বিএসইসি সার্বিক দিক বিবেচনা করে সিআরও পদে আহমেদ দাউদকে চূড়ান্ত অনুমোদন দেয়।