
দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং চালু করেছে তার নতুন ওয়েবসাইট (www.aarong.com) এবং অনলাইন শপিং-সুবিধা। সম্প্রতি রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এর মাধ্যমে আড়ংয়ের পণ্যগুলোকে দেশের যেকোনো প্রান্তে ক্রেতাসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। প্রবাসীরাও দেশে অবস্থিত প্রিয়জনদের জন্য উপহার পণ্য অর্ডার করতে পারবেন। ক্রেতাদের জন্য ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ভিসা কার্ড ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রেখেছে আড়ং। তা ছাড়া পণ্য পরিবর্তন করতে চাইলে ক্রেতারা সরাসরি আড়ংয়ের যেকোনো আউটলেটে যোগাযোগ করতে পারবেন। অনলাইন-সম্পর্কিত সার্বক্ষণিক তথ্য প্রদানের জন্য থাকছে একটি হটলাইন টেলিযোগাযোগ ব্যবস্থা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক তামারা আবেদ, এশিয়াটিকের নির্বাহী পরিচালক ইরেশ যাকের, অভিনেতা ও গায়ক তাহ্সান খান প্রমুখ।