দিনের শুরু থেকে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ মঙ্গলবার বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত।এই সময়ে ডিএসইতে মোট ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টির দাম কমেছে; বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ১২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এনবিএল, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক, বিএসসিসিএল ও বেক্সিমকো।