আড়াই মাসেও পণ্য হাতে পাননি ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রায় আড়াই মাস ধরে বিদেশের তিন বন্দরে বাংলাদেশি আমদানিকারকদের ৯০৭ একক কনটেইনার পণ্য পড়ে আছে। দেউলিয়ার মুখে থাকা দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি হানজিনের লোগোযুক্ত কনটেইনার পণ্য চট্টগ্রাম বন্দরে নামানোর অনুমতি না দেওয়ায় ব্যবসায়ীরা এসব কনটেইনার দেশে আনতে পারছেন না। ব্যবসায়ীদের হিসাবে, এসব কনটেইনার বিদেশের বন্দরে রাখা বাবদ এ পর্যন্ত প্রায় নয় কোটি টাকা ভাড়া দিতে হয়েছে ব্যবসায়ীদের। এর সঙ্গে প্রতিদিন যোগ হচ্ছে প্রায় ২৯ লাখ টাকার ভাড়া।
ঋণের ভারে জর্জরিত এই কোম্পানি গত ৩১ আগস্ট দক্ষিণ কোরিয়ার আদালতে দেউলিয়াত্ব সুরক্ষা আবেদন করে। এরপর মাশুল পাওয়ার অনিশ্চয়তা থেকে এই কোম্পানির জাহাজ জেটিতে ভেড়ানো ও কনটেইনার ওঠানো-নামানো থেকে বিরত থাকে বিশ্বের বিভিন্ন দেশের বন্দর কর্তৃপক্ষ। এতে সিঙ্গাপুরের সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরে বাংলাদেশি ব্যবসায়ীদের ৪ হাজার ৪০৮ একক কনটেইনার পণ্য আটকা পড়ে। অবশ্য পরে বিভিন্ন দেশে আদালতের অনুমতি নিয়ে এই কোম্পানির জাহাজ ভেড়ানো হয়।

হানজিন শিপিং সূত্রে জানা গেছে, ব্যবসায়ীরা এখন ভিন্ন কোম্পানির কনটেইনারের মাধ্যমে হানজিনের কনটেইনারে থাকা পণ্য দেশে আনার প্রক্রিয়া করছেন। এরপরও ৪ হাজার ৪০৮টি কনটেইনারের মধ্যে ৯০৭টি একক কনটেইনার এখনো আনা যায়নি। এগুলোর বেশির ভাগই হানজিনের লোগোযুক্ত কনটেইনার। বন্দর কর্তৃপক্ষ হানজিনের লোগোযুক্ত কনটেইনার নামাতে না দেওয়ায় ইতিমধ্যে ৭৪টি কনটেইনার ফেরত নেওয়া হয়েছে।

আটকে থাকা কনটেইনার পণ্যের মধ্যে প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিভার্সেল জিনস লিমিটেডের ১১টি কনটেইনারে ডেনিম পণ্য প্রক্রিয়াজাতকরণের কাঁচামাল রয়েছে। এসব কনটেইনার মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরে ৬৫ দিন ধরে পড়ে আছে। জানতে চাইলে প্যাসিফিক জিনস গ্রুপের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর গতকাল বলেন, পণ্য না পাওয়ায় কারখানার উৎপাদনে ব্যাঘাত হচ্ছে।

পিএইচপি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পিএইচপি নফ কনটিনিউয়াস গ্যালভানাইজিং মিলসের ১২টি কনটেইনারে ভর্তি কাঁচামাল ‘জিংক ইগনট’ ৮৫ দিন ধরে পড়ে আছে সিঙ্গাপুর বন্দরে। যোগাযোগ করা হলে পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্বরত মো. মহসিন বলেন, ‘বাংলাদেশি আমদানিকারকদের পণ্যগুলো যাতে চট্টগ্রাম বন্দরে নামানো যায়, সে জন্য প্রক্রিয়া ঠিক করতে দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে আমাকে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব, যাতে দেশীয় ব্যবসায়ীদের পণ্য এখানে আনা যায়।’

 হানজিন শিপিং সূত্রে জানা গেছে, আনোয়ার ইস্পাত, আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইউনিক পলি ইন্ডাস্ট্রিজ, নিট কনসার্ন, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ফকির অ্যাপারেলস, রাইজিং নিট টেক্সটাইল, ওরিয়ন নিট টেক্সটাইল, প্যারাগন পোলট্রি, প্রভিটা পোলট্রি ফিড, আকিজ ম্যাচ ফ্যাক্টরি, ইউনিটি স্টাইল অ্যান্ড এক্সেসরিজ, জাপান এন্টারপ্রাইজসহ বহু প্রতিষ্ঠানের পণ্য আটকে আছে।

ব্যবসায়ীরা জানান, সিঙ্গাপুর বন্দরে চট্টগ্রামমুখী কনটেইনার পণ্য ১৪ দিন বিনা ভাড়ায় রাখা যায়। এরপর ৩১ ডলার থেকে ধাপে ধাপে, এখন ৪১ সিঙ্গাপুর ডলার করে প্রতিদিনের ভাড়া শোধ করতে হচ্ছে। এ হিসাবে আটকে থাকা ৯০৭ একক কনটেইনার পণ্যের জন্য ইতিমধ্যে ৯ কোটি টাকা ভাড়া দিতে হবে ব্যবসায়ীদের।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর পর্ষদ সদস্য জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, হানজিনের লোগোযুক্ত কনটেইনার নামানোর বিষয়ে বন্দরের একটি কমিটি এখনো কাজ করছে। কমিটির প্রতিবেদনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

কার্যক্রম গুটিয়ে আনা হচ্ছে: এদিকে বিপর্যয়ে থাকা হানজিনের বাংলাদেশের কার্যক্রম গুটিয়ে আনা হচ্ছে। কার্যক্রম গুটিয়ে আনার অংশ হিসেবে কোম্পানির ঢাকা ও চট্টগ্রাম অফিসে ৩১ জনবল কমানো হয়েছে। চট্টগ্রাম বন্দরে এই কোম্পানির জাহাজ ও কনটেইনার পরিচালনা কার্যক্রমও দুই মাস ধরে কার্যত বন্ধ রয়েছে।

যোগাযোগ করা হলে হানজিন শিপিং বাংলাদেশ লিমিটেডের ঢাকা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিপর্যয়ের কারণে অনেক কর্মকর্তাই হানজিন ছেড়ে অন্যত্র চলে গেছেন। অনেককে বিদায় করা হয়েছে। তবে জনবল কমলেও হানজিনের বাংলাদেশে কার্যক্রম এখনো চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশে কর্ণফুলী গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারত্বে ‘হানজিন শিপিং বাংলাদেশ লিমিটেড’ নামে ব্যবসা পরিচালনা করে আসছে হানজিন শিপিং। হানজিনের দেউলিয়াত্ব সুরক্ষা আবেদনের বিষয়টি দক্ষিণ কোরিয়ার আদালতে এখনো বিচারাধীন রয়েছে। এ মাসে আদালতের রায় হওয়ার কথা রয়েছে।

হানজিনের ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে থাকা হানজিনের পরিচালনাধীন দুটি জাহাজ ‘হানজিন হোচিমিন’ ও ‘এসএফএল ইউরোপা’ মূল মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। শিপিং-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আলফালাইনারের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত তালিকা অনুযায়ী, জাহাজ ও কনটেইনার পরিচালনায় বিশ্বের ক্রমতালিকায় হানজিনের অবস্থান সাত থেকে নেমে এখন ১৮তম অবস্থানে এসেছে।