আড়াই লাখ কোটি টাকার বাজেট আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতিবিদ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের সঙ্গে  আলোচনা
অর্থনীতিবিদ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের সঙ্গে আলোচনা

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার হবে আড়াই লাখ কোটি টাকার মতো। বাজেটটি করা হবে পাঁচ বছরের বাজেটের অংশ হিসেবে। অর্থাৎ আগামী পাঁচ বছরে সরকার যা যা করবে, তার একটি ছাপ থাকবে আগামী বাজেটে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানান।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) সদস্যরা। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের ব্যাপারে প্রথম প্রাক্-বাজেট আলোচনা এটি।
বিনিয়োগ, বেসরকারি খাতের আস্থা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এবং শিক্ষার মান বাড়ানো—এই চারটি বিষয়কে অধিকতর গুরুত্ব দিয়ে আগামী বাজেটটি করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী জানান, ‘আমি এমনিতেই বলেছি যে, বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকার মতো হবে। এখনো কিছু ঠিকঠাক করা হয়নি।’ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দুই লাখ ২২ হাজার কোটি টাকা থেকে ১০-১২ হাজার কোটি টাকা কমে যাবে বলেও জানান অর্থমন্ত্রী।
আগামীবার সাতটি বিভাগীয় জেলায় জেলা বাজেট ঘোষণার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে জেলা বাজেটের কোনো বরাদ্দ থাকছে না। বরাদ্দ দেওয়া হবে ২০১৫-১৬ বছর থেকে।’
চলতি অর্থবছর শেষে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ১৪ দশমিক ১ শতাংশ দাঁড়াবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীবারে তা ২০ শতাংশে উন্নীত করা হবে।
দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির সবচেয়ে দুর্বল দিক হচ্ছে, বিনিয়োগ প্রবৃদ্ধির ক্ষেত্রে শ্লথগতি। গত পাঁচ বছরে বিনিয়োগে প্রবৃদ্ধির হার হচ্ছে মাত্র এক থেকে দেড় শতাংশ। এ ব্যাপারে একটি বড় ধরনের উদ্যোগ নিতে হবে।’
পাঁচ বছরে বিনিয়োগের হার জিডিপির ২৫ দশমিক ৫ শতাংশ থেকে ২৭ শতাংশে উন্নীত হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এটা খুবই কম। এটাকে ৩২ শতাংশে উন্নীত করতে হবে। এটা অর্জন করা খুব কষ্টকর, কিন্তু এটা করতেই হবে।’
সরকারি বিনিয়োগ বাড়লেও বেসরকারি খাতে বিনিয়োগ তেমন বাড়েনি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ বিনিয়োগ কেন এত কম, তা খুঁজে বের করতে হবে। কারণ, আমাদের অর্থনীতির প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে বেসরকারি খাত।’
সংসদের আগামী অধিবেশনে ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট’ ও ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন’ উপস্থাপন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
প্রাক্-বাজেট আলোচনার সুপারিশ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদে এক কোটি টাকা করে বাজেট বরাদ্দ, ভূমির যথাযথ ব্যবহারের পরিকল্পনা প্রণয়ন, কৃষিজমির স্বল্পতা ও সেচ সমস্যার সমাধানে কৃষির বহুমুখীকরণ, সরকারি-বেসরকারি অংশীদারিকে (পিপিপি) কার্যকর করা, অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা কমিটি গঠন করা, ব্যাংক খাতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা এবং শুধু রপ্তানি খাতের পরিবর্তে আমদানি খাতেও নগদ সহায়তা দেওয়া ইত্যাদি।
অর্থমন্ত্রী বলেন, ‘অনেকে এমন পরামর্শও দিচ্ছেন যে, যেহেতু প্রচুর অলস অর্থ আছে, তাই বাজেট ঘাটতি বাড়লে ক্ষতি নেই। কিন্তু আমি পুরোপুরিই এর বিরোধী। বাজেট ঘাটতি ৫ শতাংশের বেশি রাখার কোনো ইচ্ছেই আমার নেই।’ আবার অলস অর্থ ব্যবহার করে মূল্যস্ফীতিকে ১৬ শতাংশে নিয়ে যেতে চান না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
ব্যাংকিং খাত-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের পুরো কর্তৃত্ব রয়েছে। তারা শুধু ব্যাংকের পরিচালকদের চাকরিচ্যুত করতে পারে না। কিন্তু ব্যবস্থাপনা পরিচালককে অব্যাহতি দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।
পরিকল্পনা কমিশনের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। এ থেকে কমিয়ে সংশোধিত এডিপিতে ৫৪ হাজার কোটি টাকা করার একটি প্রস্তাব দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে তা কার্যকর করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় চায় ৬০ হাজার ৮৮২ কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয় চিরদিনই বেশি চায়। কিন্তু, এবার তাদের বেশি চাওয়াটা একটু বেশি হয়ে গেছে।’
আলোচনায় অংশ নেন বিআইডিএসের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, গবেষণা পরিচালন জায়েদ বখ্ত, বিনায়ক সেন ও রুশিদান ইসলাম রহমান, গবেষক নাজনীন আহমেদ, পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার ও নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী, ইআরজির অতিরিক্ত পরিচালক সাজ্জাদ জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রমুখ।