বিশ্বজুড়ে ক্রমেই বেড়ে চলেছে ধনী-গরিবের আয় ও সম্পদের ব্যবধান। সম্পদ ও আয়বৈষম্যের এই দিককে ২০১৭ সালের জন্য বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। সংস্থাটি প্রকাশিত ‘বিশ্ব অর্থনৈতিক ঝুঁকি প্রতিবেদন ২০১৭’-তে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবছরের মতো এবারও সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সম্পদ ও আয়বৈষম্য বৃদ্ধি ছাড়াও অর্থনীতির জন্য চিহ্নিত ঝুঁকির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সামাজিক মেরুকরণ (পোলারাইজেশন অব সোসাইটিজ), সাইবার হামলা ও বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি।
প্রতিবেদনটি তৈরিতে ‘গ্লোবাল রিস্ক পারসেপশন সার্ভে’ নামের একটি মতামতভিত্তিক জরিপ চালানো হয়েছে। জরিপে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, সরকার, শিক্ষাবিদ, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৭৮৫ ব্যক্তির মতামত নেওয়া হয়েছে।
আয় ও সম্পদবৈষম্য বৃদ্ধির কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা বিশ্ব, এশিয়া, লাতিন আমেরিকাসহ প্রায় সব অঞ্চলেই মধ্যবিত্ত শ্রেণির আয় যে হারে বেড়েছে, সে তুলনায় ধনীদের আয় বেড়েছে গাণিতিক হারে। ২০০৮ সালের অর্থনৈতিক মহামন্দার পর আয়বৈষম্য বৃদ্ধির এ ধারাটি আরও বেগবান হয়েছে।
আয় ও সম্পদবৈষম্য বৃদ্ধিতে বিভিন্ন দেশের আর্থিক নীতিও একটি বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মহামন্দার পর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে নতুন অর্থের সরবরাহ বৃদ্ধির (কোয়ান্টিটেটিভ ইজিং) মতো পদক্ষেপ প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে যেমন গতি এনেছে, একই সঙ্গে এসব পদক্ষেপ আয়বৈষম্য তৈরি করেছে। এর কারণ ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক সম্পদের মালিকেরা কোয়ান্টিটেটিভ ইজিংয়ের সুযোগ নিয়ে বিনিয়োগ করে বেশি হারে মুনাফা করেছেন। এর ফলে তাঁদের আয় বেড়েছে, কিন্তু সমাজের মধ্যম ও নিচের স্তরে থাকা মানুষের আয় সে হারে বৃদ্ধি পায়নি।
মহামন্দা-পরবর্তী সময়ে নিম্ন সুদ হারের সুযোগ নিয়ে ধুঁকতে থাকা অনেক প্রতিষ্ঠান নিজেদের দায়দেনা শোধ করায় সম্পদের সুষ্ঠু বণ্টনপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এসব পদক্ষেপ সম্পদ ও আয়বৈষম্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আয় ও সম্পদবৈষম্য বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বজুড়ে উচ্চ বেকারত্বের বিষয়টিও প্রতিবেদনে এসেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কর্মক্ষম তরুণদের কর্মসংস্থানের অভাব, চীনের অর্থনীতির গতি মন্দা বিশ্বজুড়ে বেকারত্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রাজনৈতিক ঝুঁকি
আয় ও সম্পদবৈষম্য বৃদ্ধির ধারা বিভিন্ন দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ফলে সামাজিক মেরুকরণ, জাতীয়তাবাদ ও কট্টরপন্থাও উৎসাহিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের সিদ্ধান্ত কট্টরপন্থী জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকাশ বলেই প্রতিবেদনে বলা হয়েছে।
প্রযুক্তিগত ঝুঁকি
প্রযুক্তিগত পরিবর্তনের কারণে বিশ্বের শ্রমবাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে, সেটিকেও ২০১৭ সালের বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি হিসেবে বলা হয়েছে। প্রযুক্তির পরিবর্তনের কারণে প্রতিষ্ঠিত অনেক কর্মসংস্থান নষ্ট হচ্ছে, একই সঙ্গে নতুন অনেক কাজও তৈরি হচ্ছে। প্রযুক্তিগত এ বিবর্তন বিভিন্ন দেশে যাতে সামাজিক অস্থিতিশীলতা তৈরি না করে, সে ধরনের নীতিকৌশল নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সুপারিশ
প্রতিবেদনে বৈশ্বিক এসব ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বা পরিকল্পনা কৌশল থেকে বড় দেশগুলো যাতে সরে না আসে, সেটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষায় বিশ্বকে একসঙ্গে কাজ করার পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে।