আয় কমলেও দাম বেড়েছে জিপিএইচ ইস্পাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের শেয়ারের দাম বেড়েছে। গতকাল রোববার দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।ডিএসইর ওয়েবসাইটে এদিন কোম্পানিটির লভ্যাংশের ঘোষণা প্রকাশ করা হয়। এই ঘোষণায় কোম্পানিটির শেয়ারের দামে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ২০১৩ সালের এপ্রিলে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি শেয়ারধারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। এ ছাড়া বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ২ টাকা ৩২ পয়সা। দিন শেষে গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ইপিএসের ভিত্তিতে গতকাল দিন শেষে কোম্পানিটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে প্রায় ২১। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১২ সালে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি শেয়ারধারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ ছিল বোনাস বা স্টক আর ১০ শতাংশ নগদ। আর ওই বছর শেষে ইপিএস ছিল ৩ টাকা ৫৩ পয়সা। সেই হিসাবে, ২০১৩ সালে লভ্যাংশের পরিমাণ ও ইপিএস উভয়ই কমে গেছে। তা সত্ত্বেও ঘোষিত লভ্যাংশের ইতিবাচক প্রভাবই ছিল শেয়ারের দামে। এর কারণ হিসেবে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের বছর কোম্পানিটি যখন লভ্যাংশের ঘোষণা দিয়েছিল, তখন বাজারে সেটির শেয়ারের দাম এখনকার চেয়ে বেশি ছিল। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১৯ এপ্রিল কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হয়। এরপর সেটির সর্বোচ্চ দাম উঠেছিল ৮৯ টাকায়। আর এক বছরের ব্যবধানে সেটি এখন ৫০ টাকায় নেমে এসেছে।এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে চার হাজার ছাড়িয়ে গেছে। আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদন অনুযায়ী, ১১ কার্যদিবস পর ডিএসইএক্স আবারও চার হাজার পয়েন্ট ছাড়িয়েছে। এদিন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫০টিরই বাজারমূল্য ৪ শতাংশের বেশি বেড়েছে। এদিন খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল যথাক্রমে টেলিকম, বস্ত্র, সাধারণ বিমা ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৯৮ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৮টিরই দাম বেড়েছে, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩৩টিরই দাম বেড়েছে, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫১ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।