আয় কমলেও মূল্যবৃদ্ধির শীর্ষে আইডিএলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমেছে আয়, অপরিবর্তিত রয়েছে বছরশেষে ঘোষিত লভ্যাংশ। বাড়তি শুধু অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা। আর তাতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে আসে আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ বা সাড়ে নয় টাকা বেড়েছে।
তালিকাভুক্ত কোম্পানিটি গত শনিবার ২০১৩ সালে সমাপ্ত আর্থিক বছরের লভ্যাংশ ঘোষণা করে। শেয়ারবাজারে যা প্রাতিষ্ঠানিক ঘোষণা বা করপোরেট ডিক্লারেশন নামে পরিচিত। এ ধরনের ঘোষণার পরবর্তী কার্যদিবসে শেয়ারের দামের ওপর কোনো ধরনের মূল্যস্তর বা সার্কিট ব্রেকার থাকে না।
২০১৩ সালের জন্য কোম্পানি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ২৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ ঘোষণা আসে। আগের বছর অর্থাৎ ২০১২ সালে কোম্পানি ৩০ শতাংশ হারে বোনাস শেয়ার লভ্যাংশ হিসাবে ঘোষণা করেছিল। সেই হিসাবে লভ্যাংশের পরিমাণ বাড়েনি। তবে ২০১৩ সাল শেষে কোম্পানিটি দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলেই কেবল অধিকারমূলক শেয়ার ছাড়ার এ ঘোষণা কার্যকর হবে।
২০১২ সাল শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল চার টাকা ৪৩ পয়সা। ২০১৩ সাল শেষে তা কমে দাঁড়িয়েছে চার টাকা ১৬ পয়সায়। গত শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভাশেষে এসব ঘোষণা প্রকাশ করা হয়, যা গতকাল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এ ঘোষণার প্রভাবে কোম্পানিটি রোববার মূল্যবৃদ্ধির শীর্ষে ও লেনদেনের দ্বিতীয় অবস্থানে উঠে আসে।
আইডিএলসি মূল্যবৃদ্ধির শীর্ষে থাকলেও এদিন ঢাকার বাজারে দরপতন ঘটেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া ২৯০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭৪টিরই দাম কমেছে, বেড়েছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ৩২টির দাম। তবে দিনশেষে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪২৩ কোটিতে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০৩ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫৩টিরই দাম কমেছে, বেড়েছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। দিনশেষে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে ছয় কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটিতে।