আয় করে এমন লোকের সংখ্যা যেন যৎসামান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কর জিডিপি অনুপাত অনেক দিন ধরে যথেষ্ট দুর্বল অবস্থানে। একে সবল ও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে আন্তরিক প্রয়াস থেমে নেই। জাতীয় অর্থনীতির শারীরিক ও আত্মিক অবয়ব অনুযায়ী কর রাজস্ব আয়ের অবস্থা এমন নাজুক হওয়ার কথা নয়। কিন্তু নানা ধরনের সমস্যার আবর্তে আমাদের কর রাজস্ব প্রথা, পদ্ধতি ও প্রশাসন—এসব সীমাবদ্ধতার দেয়াল টপকাতে পারছে না। অসম্ভব না হলেও দূরতিক্রমনীয় এসব বাধা জয় করতে সবার সমন্বিত সহায়তা ও উদ্যোগ আবশ্যক। এ ব্যাপারে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই জাতীয় আয়কর দিবস উদ্যাপনের উদ্যোগ। এটা ঠিক, চার দশকের বাংলাদেশে বেড়ে ওঠা অর্থনীতি এবং এর উন্নয়ন সব ক্ষেত্রে সমানুপাতিক হারে পরিপুষ্টতা লাভ করতে পারেনি। পরস্পরপ্রযুক্ত বিষয় ও ক্ষেত্রগুলো সমান নজরদারিতে সমান প্রযত্ন পেয়েও বলশালী হয়ে উঠতে পারেনি। সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনায় রাজস্ব আয়-প্রবণতাকে প্রভাবক ভূমিকায় আনা সব ক্ষেত্রে সমান তাল ও লয়ে আনা যায়নি। বাংলাদেশের মতো যেকোনো দেশের কর রাজস্ব আয়ের সংসারে সিংহভাগে থাকার কথা আয়করের, এখানে তা এখনো হয়ে ওঠেনি। মোট কর রাজস্ব আয় খাতে তার অবস্থান তৃতীয় অর্থাৎ আমদানি শুল্ক ও মূল্য সংযোজন করের নিচে। এ অবস্থা যেন এটিই নির্দেশ করে যে দেশটি স্রেফ ট্রেডিংনির্ভর আর শুধু ভোক্তায় ভর্তি, আয় করে এমন লোকের সংখ্যা যেন যৎসামান্য। যে সমাজে ভোগ্যপণ্য ও বিলাসবহুল সামগ্রী আমদানি বাবদ ব্যয় বেশি, অথচ সে সমাজে আয়কর দেওয়ার মতো মানুষের সংখ্যা সামান্য, বিষয়টা বেশ বিব্রতকর।দেখা যাচ্ছে, বিগত কয়েকটি বছরের আগ পর্যন্ত আয়কর আয়ের প্রবৃদ্ধির মাত্রাও ছিল অত্যন্ত ধীর, মিশ্র এবং কখনো-সখনো নৈরাশ্যজনক। পর্যালোচনায় দেখা যায়, ক্রমশ কোম্পানি ও কোম্পানি ব্যতীত কর আয়ের অনুপাত ৭০:৩০ থেকে ৫৬:৪৪-এ পৌঁছেছে। মোট কর রাজস্বে আয়করের হিস্যা প্রথম ৩০ বছর ৬ থেকে ১৮ বা ১৯ শতাংশের মধ্যে সীমিত থেকেছে। বিগত তিন-চার বছরে এই হিস্যা ২৬ বা ২৭ শতাংশ অবধি উন্নীত হয়েছে। অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধির মাত্রা অনুযায়ী ইতিমধ্যে প্রত্যক্ষ করের মুখ্য ভূমিকা অর্থাৎ অবদান ন্যূনতম ৩৫ শতাংশের পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার কথা। বিগত চার দশকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক সহায়তা (ঋণ অনুদান মিলে), প্রায় ৭৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এবং প্রায় ২১ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ এই অর্থনীতিতে প্রত্যাবাসিত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় শিল্পোদ্যোক্তার প্রায় ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি বিনিয়োগ প্রায় ৫০০ হাজার কোটি টাকা। দেশের রপ্তানি আয় এখন বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার এবং আমদানি ব্যয় প্রায় ১৭ বিলিয়ন ডলার। এসব পরিসংখ্যান পরিস্থিতি পর্যালোচনায় স্পষ্ট হয়ে ওঠে, আহরণযোগ্য আয়কর থেকে বর্তমানের অর্জন অনেক দূরত্বে। দেশে করপোরেট ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেলেও কোম্পানি-প্রদত্ত আয়করের প্রবৃদ্ধি সেভাবে বা সে হারে বাড়েনি বলে প্রতীয়মান হয়। অন্যদিকে কোম্পানি ব্যতীত করদাতার মধ্যে ব্যক্তি করদাতা, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অব পারসন, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসনস রয়েছেন, তাঁদের কর নেটের আওতায় আনার উদ্যোগ আরও জোরদার করার অনিবার্যতা অনস্বীকার্য। ব্যক্তি করদাতার সংখ্যা (টিআইএনধারীর হিসাব অনুযায়ী) নিকট-অতীতেও যথাযথভাবে শুমার ও সংরক্ষণ করা না হলেও যখন থেকে এসবের অগ্রগতির পরিসংখ্যান পর্যালোচিত হচ্ছে, তখন থেকে অগ্রগতির ধারা বেগবান করার প্রয়াস চলছে। যাঁরা আয়কর নথি খুলেছেন, তাঁদের মাত্র ২৫-৩০ শতাংশ করদাতা নিয়মিত কর দিচ্ছেন, বাকিদের উপযুক্ত অনুসরণের উদ্যোগ জোরদার করার আবশ্যকতা রয়েছে।যেমন: ২০০৯-১০ অর্থবছরে টিআইএনধারীর সংখ্যা ছিল ২৩ লাখ ৩৪ হাজার ৯১৭। অথচ এ সময় মাত্র সাত লাখ ৫৭ হাজার ৯৬৪টি আয়কর বিবরণী দাখিলকরা হয়েছে।আয়কর বিভাগের লোকবল, কর্মদক্ষতা, কর্মকাঠামো ও আওতা বাড়ানো এ জন্য জরুরি। লোকবল বাড়ানো ও সম্প্রসারণের পাশাপশি বিদ্যমান লোকবল ও কাঠামোকে কার্যকরভাবে কাজে লাগানো এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যক্ষ কর প্রশাসন-ব্যবস্থাপনা-প্রয়োগ নিশ্চিত করার বিকল্প নেই। ধার্য ও আদায়কৃত আয়কর যথাসময়ে ও প্রকৃত পরিমাণে কোষাগারে আসার ব্যাপারে নজরদারি ও পরিবীক্ষণ যেমন জরুরি, তেমনি করারোপ, হিসাবায়ন ও জমাদান পদ্ধতি প্রক্রিয়াকে যতটা সম্ভব করদাতাবান্ধব বা সহজীকরণ করা যাবে, তত দূরত্ব কমবে করদাতা ও আহরণকারীর মধ্যে। এভাবে আস্থার পরিবেশ সৃষ্টি হলে করনেটের সম্প্রসারণ ঘটতে থাকবে।লেখক: সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।