আয় না হলেও সম্পদ দেখাতে হবে
আপনার একটি গাড়ি আছে। সন্তানদের স্কুলে আনা-নেওয়া, নিজের অফিসে আসা-যাওয়া এবং পারিবারিক প্রয়োজনে ব্যবহারের জন্য গাড়ি কিনেছেন। আপনি কি জানেন, এই গাড়ি থাকার কারণে কর অফিসে জমা দিতে প্রতিবছর আলাদা একটি সম্পদ বিবরণী ফরম পূরণ করতে হবে? শুধু তা-ই নয়; ফ্ল্যাট বা বাড়ি থাকলেও আপনার সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক। এতে বাড়ি-গাড়িওয়ালাদের সম্পদ ও আয়-ব্যয়ের চিত্র পাওয়া যাবে।
এসব সম্পদ না থাকলেও যদি আপনার মোট সম্পদের পরিমাণ ২৫ লাখ টাকার বেশি হয়; তবু আপনাকে সম্পদ বিবরণী দিতে হবে। গতবার পর্যন্ত এই সীমা ছিল ২০ লাখ টাকা। আপনার স্বামী বা স্ত্রী কিংবা অপ্রাপ্তবয়স্ক সন্তান ও নির্ভরশীল ব্যক্তি করদাতা না হলে তাদের সম্পদ ও দায় আপনার সম্পদ বিবরণীতে দেখাতে হবে। এর মানে হলো, স্ত্রী, স্বামী, সন্তানের নামে বাড়ি-গাড়ি, গয়নাসহ বিভিন্ন সম্পদ দেখিয়ে নিজের সম্পদ লুকানোর সুযোগ নেই।
সম্পদ বিবরণীর মাধ্যমে করদাতা কতটা ধনসম্পদের মালিক তা বোঝা যায়। তবে সব সম্পদেই যে আয় হবে তা নয়। যেমন নিজের বাড়ি থাকলে ভাড়া না দিয়ে নিজে বাস করেন, এ ধরনের বাড়ি থেকে কোনো আয় আসে না। তবে সম্পদ বিবরণী দেখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বুঝতে পারেন, করদাতার জীবনযাপনের চিত্র কেমন। আয়ের সঙ্গে জীবনযাপন সংগতিপূর্ণ কি না, তা-ও বোঝা সম্ভব হয়।
এবার দেখা যাক, সম্পদ বিবরণীতে কী ধরনের তথ্য দিতে হয়। ব্যবসায় পুঁজি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ, গাড়ি, গয়না, আসবাবপত্র, নগদ টাকা, ঋণ ইত্যাদির আর্থিক মূল্যের তথ্য সম্পদ বিবরণীতে দিতে হয়।
গাড়ি
এক বা একাধিক গাড়ি থাকলে ব্র্যান্ড, ইঞ্জিন (সিসি), রেজিস্ট্রেশন নম্বরসহ ক্রয়মূল্য উল্লেখ করতে হবে। গাড়ি পরিবারের সদস্যদের নামে থাকলেও সম্পদ বিবরণীতে দেখাতে হবে। অনেকে অবশ্য কর এড়িয়ে যেতে নিজের প্রতিষ্ঠানের নামে গাড়ি দেখান।
আসবাব ও গয়না
বাড়ির আসবাবপত্র ও গয়নাও সম্পদ। এগুলো প্রতিবছর বার্ষিক আয়কর বিবরণীর সম্পদে দেখাতে হয়। নতুন ফ্রিজ-টেলিভিশন কিনলে তা পরের বছর সম্পদ বিবরণীতে থাকতে হবে। এমনকি বিয়ে করলে উপহার হিসেবে পাওয়া বউয়ের গয়নাও নিজের সম্পদ বিবরণীতে দেখাতে হবে। স্ত্রীর নিজের টিআইএন না থাকলেই কেবল স্বামীর হিসাবে তা থাকবে।
নগদ টাকা
ব্যাংকে আপনার নগদ টাকা আছে। আবার ক্রেডিট কার্ডে নির্দিষ্ট সীমা পর্যন্ত রক্ষিত আছে নগদ টাকা। অফিসের ভবিষ্য তহবিলে (প্রভিডেন্ট ফান্ড) টাকা জমা হচ্ছে। এগুলো একধরনের সম্পদ। এসব টাকার খবরও দিতে হবে সম্পদ বিবরণীতে।
ব্যবসায় পুঁজি
ব্যবসায় পুঁজি খাটালে তা সম্পদ হিসেবে বিবেচিত হবে। আবার পরিচালক হিসেবে কোনো লিমিটেড কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলেও দেখাতে হবে। এমনকি প্লট, বাণিজ্যিক বা আবাসিক প্লটসহ যেকোনো অকৃষি সম্পত্তি থাকলেও তা সম্পদ। আপনি কৃষিজমিতে চাষবাস করেন, সেখানে জমির পরিমাণসহ সম্পদের মূল্য ঘোষণা দিতে হবে। এটা অবশ্যই ক্রয়মূল্য।
আর্থিক সম্পদ
কোনো কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার কিনলে তার তথ্য যেন থাকে সম্পদ বিবরণীতে। আবার সঞ্চয়পত্র বা বন্ড কিনলেও তা দেখাতে হবে। এমনকি স্থায়ী আমানত বা মেয়াদি আমানত থাকলেও তা সম্পদ হিসেবে বিবেচিত হবে। যদি কাউকে ঋণ দেন, তাহলে ওই ব্যক্তির নাম ও কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) উল্লেখ করতে হবে।