আয় পাঠাতে মাশুল নেবে না সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের নিজ দেশে অর্থ পাঠাতে কোনো মাশুল নেবে না দেশটির সরকার। আগে প্রবাসী আয় পাঠাতে ৬ শতাংশ মাশুল বসানোর পরিকল্পনা করেছিল দেশটির অর্থ মন্ত্রণালয়। তেলের দাম কমার ফলে বাজেটে যে ঘাটতি তৈরি হবে তা মোকাবিলায় এ উদ্যোগ নিয়েছিল দেশটি।
সর্বোচ্চ ক্ষমতাধর শুরা কাউন্সিলের বৈঠকের পরে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটারে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর রয়টার্সের।
বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে সৌদি আরব থেকে। ২০১৫-১৬ অর্থবছরে দেশটি থেকে এসেছে ২৯৫ কোটি ডলার। এ সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত শ্রমিকদের অর্থ পাঠাতে অতিরিক্ত মাশুল দিতে হবে না।
টুইটারে এ-সংক্রান্ত পোস্টে বলা হয়, আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ পুঁজির অবাধ চলাচলের নীতিতে সৌদি প্রশাসন অঙ্গীকারবদ্ধ। তাই এখন থেকে মাশুল ছাড়াই বিদেশি শ্রমিকেরা নিজ দেশে অর্থ স্থানান্তর করতে পারবেন।
দেশটির প্রায় তিন কোটি অধিবাসীর মধ্যে এক-তৃতীয়াংশই বিদেশি। তাঁদের বেশির ভাগই উচ্চ বেতনের আশায় কাজের জন্য দেশটিতে গেছেন। তবে বিশ্ববাজারে তেলের দামের নিম্নগতির কারণে সংকটে পড়েছে দেশটি। এর পরিপ্রেক্ষিতে বাজেট ঘাটতি কমাতে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের ওপর আয়কর আরোপের একটি প্রস্তাব গ্রহণ করা হয়। তবে শেষ পর্যন্ত এ প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এবার রেমিট্যান্স পাঠানোর ওপর মাশুল প্রত্যাহারের ঘোষণা দিল দেশটি। তবে বাজেট ঘাটতি মোকাবিলায় ভিসা ও কাজের অনুমতির মাশুল বাড়িয়েছে দেশটির সরকার।
এদিকে চলতি মাসের প্রথম ২০ দিনে ৭০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গত ডিসেম্বরের পুরো মাসেই এসেছিল ৯৫ কোটি ডলার। সে হিসেবে চলতি মাসে প্রবাসী আয়ে কিছুটা গতি এসেছে। এবার মাস শেষে প্রবাসী আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
২০১৬ সালে দেশে প্রবাসী আয় কমে ১১ শতাংশ। হুন্ডির মাধ্যমে অর্থ আসছে, এ কারণে প্রবাসী আয় কমছে। কেন্দ্রীয় ব্যাংকের এমন পর্যবেক্ষণের পর ১১ জানুয়ারি মোবাইল ব্যাংকিং সেবার সীমা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এরই মধ্যে গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোয় ২৫ দোকানকে জরিমানা করেছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিভাগ। এসব দোকান ‘বিকাশ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে কম খরচে বাংলাদেশে টাকা পাঠানোর সুযোগ দিয়েছিল। তবে ব্যবস্থাটি ছিল অবৈধ পথ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কাতার, দুবাইসহ কয়েকটি শহরে বৈধভাবে টাকা পাঠাতে উৎসাহিত করা হচ্ছে। ফলে প্রবাসী আয়ে বড় উন্নতি ঘটবে।