বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার আয় বাড়লেও মুনাফা কমেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ১ হাজার ২৪০ কোটি টাকা আর লোকসান হয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকা। রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের কারণে নতুন সংযোগের পরিমাণ কমে যাওয়া, সব ধরনের টেলিযোগাযোগ সেবার ওপর বাড়তি ১ শতাংশ সারচার্জ এবং ২ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের মতো কয়েকটি বিষয়ের কারণে আয় বাড়লেও মুনাফা কমেছে রবির। একই সময়ে সারা দেশে নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ বৃদ্ধি পাওয়াও রবির মুনাফা কমে যাওয়ার অন্যতম কারণ। অপারেটরটির বর্তমান গ্রাহকসংখ্যা বর্তমানে ২ কোটি ৭৪ লাখ, যা মোট বাজারের ২০ দশমিক ৯ শতাংশ।
২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে রবির মূলধনি বিনিয়োগ ছিল ৫৬০ কোটি টাকা। আর বাংলাদেশে এখন পর্যন্ত অপারেটরটির মোট বিনিয়োগের পরিমাণ ১৭ হাজার ২৩০ কোটি টাকা। রবির মোট টাওয়ারের সংখ্যা ৮ হাজার ৭০০, এর মধ্যে থ্রিজি টাওয়ার আছে ৪ হাজার ৬০০টি।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে বলেন, ‘২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে আমাদের আয় স্থিতিশীল রয়েছে। তবে বায়োমেট্রিক সিম পুনর্নিবন্ধনের নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়িক অগ্রগতিতে। এরপরও গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে নেটওয়ার্ক সম্প্রসারণে ও আধুনিকায়নে ক্রমাগত বিনিয়োগ করে চলেছি।’
২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে রবি সরকারি কোষাগারে জমা দিয়েছে ৩১০ কোটি টাকা, যা মোট রাজস্বের ২৪ দশমিক ৬ শতাংশ। ১৯৯৭ সালে কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১৬ হাজার ৬৮০ কোটি টাকা। একই সময়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে দিয়েছে ২৯০ কোটি টাকা।
বর্তমানে গ্রাহকসংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা রবি আরেক অপারেটর এয়ারটেলের সঙ্গে একীভূত (মার্জার) হওয়ার অপেক্ষায় আছে। একীভূত হলে প্রায় চার কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোনের পরে রবি-এয়ারটেলই দেশের দ্বিতীয় বৃহৎ অপারেটর।