আয় ভাগাভাগিতে সমতা চায় অপারেটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেন সেবায় (এমএফএস) অবকাঠামো ব্যবহারের আয় ভাগাভাগি নীতিমালার পরিবর্তন চায় অপারেটররা। এ বিষয়ে উদ্যোগ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) সম্প্রতি একটি চিঠি দিয়েছে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
অ্যামটব মনে করে, এমএফএস সেবায় ইউএসএসডি (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা) ব্যবহার থেকে যে আয় হয়, তার মাত্র ১৪ শতাংশ তারা পাচ্ছে। ইউএসএসডি অবকাঠামোতে বিনিয়োগ বিবেচনায় নিলে একদিকে মুঠোফোন অপারেটরদের আর্থিক ক্ষতি বাড়ছে, অন্যদিকে তা গ্রাহকসেবার মানে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে অ্যামটবের চিঠিতে বলা হয়েছে, তাদের নেটওয়ার্কের মাধ্যমে এমএফএস সেবার ৮৬ শতাংশ ইউএসএসডির তথ্য আদান-প্রদানের জন্য কোনো অর্থ নেওয়া হয় না। এর ফলে শুধু ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুঠোফোন অপারেটরদের ক্ষতি হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা।
এমএফএস সেবা দিতে মুঠোফোন অপারেটরদের প্রযুক্তিকে বলা হয় ইউএসএসডি। এই প্রযুক্তি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সঙ্গে গ্রাহককে যুক্ত করতে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক যখন তাঁর ব্যক্তিগত হিসাব থেকে আরেকজনকে টাকা পাঠান, তখন স্বয়ংক্রিয়ভাবে প্রেরক ও প্রাপকের কাছে দুটি খুদে বার্তা যায়। অপারেটরদের এই প্রযুক্তিগত সুবিধাকেই বলা হয় ইউএসএসডি।
মুঠোফোন অপারেটরদের হিসাবে, দুই বছর আগে এমএফএস সেবার জন্য তাদের নেটওয়ার্কে ৩৮ লাখ ইউএসএসডি তথ্যের আদান-প্রদান হতো। সেটি এখন বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৫৬ লাখ হয়েছে। গ্রাহকদের ফোন করার সময় ও মুঠোফোনে টাকা পাঠানোর সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) একই। এর ফলে নেটওয়ার্কের ওপর অনেক সময় বাড়তি চাপ তৈরি হচ্ছে, যা গ্রাহকসেবার মানে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবার ইউএসএসডি ব্যবহারের জন্য মিনিটপ্রতি ৭৫ পয়সা আর খুদে বার্তার জন্য ২০ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে অ্যামটবের চিঠিতে।
অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, বিভিন্ন দেশে ইউএসএসডি ব্যবহারের উদাহরণ তুলে ধরে একটি মানসম্পন্ন আয় ভাগাভাগি ব্যবস্থা নির্ধারণে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, ইউএসএসডি আয় ভাগাভাগি নির্ধারণে বাংলাদেশ ব্যাংক, অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ইউএসএসডি মাশুল নির্ধারণে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দিয়ে বাজার গবেষণা করানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ইউএসএসডির জন্য একেক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে অপারেটররা একেক ধরনের মাশুল নিচ্ছে। এটা যাতে সব প্রতিষ্ঠানের জন্য সমান হয় এবং সাধারণ মানুষের জন্য নেতিবাচক না হয়, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।