আয়কর আদায়ে প্রবৃদ্ধির হার কমলেও লক্ষ্যমাত্রা অর্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী অর্থবছরে (২০১১-১২) আয়কর তথা প্রত্যক্ষ কর খাতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। আলোচ্য সময়ে প্রত্যক্ষ করে ২১ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০১০-১১ অর্থবছরে প্রত্যক্ষ করে প্রবৃদ্ধি ছিল ৩২ দশমিক ৬৬ শতাংশ। তবে এবারও আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।বিদায়ী অর্থবছরে আয়কর তথা প্রত্যক্ষ কর আদায় হয়েছে ২৮ হাজার ৩২৭ কোটি টাকা। আর গত অর্থবছরে এই খাতে আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ২২৭ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।এনবিআর সূত্রে আরও জানা গেছে, চলতি অর্থবছরে প্রত্যক্ষ কর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৮ হাজার ২৩২ কোটি টাকা। বছর শেষে এই খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫ কোটি টাকা বেশি আদায় হয়েছে।প্রত্যক্ষ করের প্রায় শতভাগ আদায় হয় আয়কর খাত থেকে। বাকিটা আসে ভ্রমণকরসহ অন্যান্য খাত থেকে। এনবিআরের প্রাথমিক হিসাবমতে, গত অর্থবছরে আয়কর আদায় হয়েছে ২৭ হাজার ৬৫২ কোটি টাকা। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৫৬১ কোটি টাকা। আর ভ্রমণকরসহ অন্যান্য খাতে রাজস্ব আদায় হয়েছে ৬৭৫ কোটি টাকা। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭৭১ কোটি টাকা।গত অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ হাজার ৮৭০ কোটি টাকা। এনবিআরের প্রাথমিক হিসাবে, লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার কোটি টাকা বেশি আদায় হয়েছে। তবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ত্রৈমাসিক আয়কর বিবরণী জমা দেওয়ার পর হিসাব চূড়ান্ত হবে বলে জানা গেছে। তখন রাজস্ব আদায় আরও বাড়তে পারে।এনবিআরের সদস্য এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, মূলত কর দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়কর আদায়ে এত প্রবৃদ্ধি হয়েছে। এনবিআর চলতি অর্থবছরেও অন্যবারের মতো আয়কর মেলা, জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।