আয়কর আদায়ের ব্যর্থতায় সরকার এখন মূসকনির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার প্রত্যাশিত হারে আয়কর আদায়ে ব্যর্থতার কারণে মূল্য সংযোজন কর (মূসক) সংগ্রহে নির্ভরশীল হয়ে পড়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রাজস্ব আয়ের সিংহভাগের উৎস হওয়া উচিত আয়কর—এমনটা উল্লেখ করে দুর্নীতিবিরোধী ওই সংস্থা বলেছে, বাজেটে যেভাবে সম্পূরক শুল্ক, মূসক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, তাতে দৈনন্দিন জীবনযাত্রার জন্য পণ্য ও সেবা পেতে মানুষকে কমপক্ষে ৩৫ শতাংশ মূল্য বেশি দিতে হবে। এর সঙ্গে মূল্যস্ফীতি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজি যুক্ত হয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে এবং অস্থিতিশীলতা ও ক্ষোভ বাড়বে বলে মনে করে সংস্থাটি।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গতকাল রোববার টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এতে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষ করারোপের প্রস্তাব করা হয়েছে; যার বোঝা চাপবে সীমিত আয়ের মানুষ, ক্ষুদ্র সঞ্চয়ী ও বিনিয়োগকারী, পেনশনভোগীসহ সাধারণ মানুষের ওপর।
বড় প্রকল্প বাস্তবায়নে নেওয়া অর্থায়নের বিপরীতে সুদ পরিশোধ এবং সরকারি খাতে বেতন-ভাতার বাড়তি ব্যয় সংকুলানে এ ধরনের কর চাপানো হয়েছে বলে মনে করেন ইফতেখারুজ্জামান। বাজেটে দেওয়া কর প্রস্তাবকে বৈষম্যমূলক ও অসহনীয় বলেও অভিহিত করেন তিনি।
টিআইবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটে রেয়াত কাঠামো পুনর্গঠন করে এমন বৈষম্য প্রস্তাব করা হয়েছে যে যাঁদের করযোগ্য আয় সর্বোচ্চ পর্যায়ের, তাঁদের তুলনায় করযোগ্য আয়ের সর্বনিম্ন পর্যায়ে থাকা করদাতাদের প্রায় তিন গুণ বেশি করের বোঝা বইতে হবে। পাশাপাশি প্রস্তাবিত প্যাকেজ মূসক-ব্যবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করবে, যার বোঝা সাধারণ ভোক্তা ও গ্রাহকের ঘাড়েই চাপবে।
ইফতেখারুজ্জামান বলেন, বিত্তশালী ও ধনীদের তুলনায় সীমিত আয়ের মানুষের ক্ষেত্রে কর রেয়াত নেওয়ার সুযোগ কমানো, অতিরিক্ত প্রত্যক্ষ ও পরোক্ষ করের বোঝা চাপানো কোনো মাপকাঠিতেই রাজস্ব বৃদ্ধির টেকসই পন্থা হতে পারে না।
বাজেটে কালোটাকাকে বৈধতা প্রদান করা হয়েছে উল্লেখ করে টিআইবি বলছে, এটা অসাংবিধানিক, অনৈতিক ও বৈষম্যমূলক। সরকার এ সুযোগ বন্ধ করাসহ বাজেটের বৈষম্যমূলক প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করবে বলে টিআইবি আশা করে।