আয়কর জমার সময় আজ শেষ হচ্ছে
ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে বিগত বছরগুলোতে শেষ দিনে রাত আটটা পর্যন্ত মাঠপর্যায়ে কর কার্যালয়গুলো খোলা থাকলেও এবার কিন্তু বিকেল পাঁচটায়ই শেষ হয়ে যাবে সময়সীমা। গত ৩০ সেপ্টেম্বর নিয়মিত আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল। কিন্তু কাঙ্ক্ষিত রিটার্ন জমা না পড়ায় দুই দফায় দেড় মাস সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুনরায় সময় বাড়ানোর কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের কথা অবশ্য গতকাল বুধবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। এনবিআরের সর্বশেষ হিসাবমতে, এ পর্যন্ত প্রায় আট লাখের মতো আয়কর বিবরণী জমা পড়েছে। গতবার প্রায় ১১ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন।কর অধিক্ষেত্র পুনর্বিন্যাস হওয়ায় এ বছর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে গিয়ে হয়রানির মুখে পড়তে হয়েছে।