করদাতারা নিজেই যাতে তাঁর আয়কর দিতে পারেন, সে লক্ষ্যে আয়কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে। এর প্রতিফলন আগামী বাজেটে দেখা যাবে—এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।এনবিআরের চেয়ারম্যান গতকাল সোমবার সকালে খুলনা কর ভবনে ‘কর তথ্য ও সেবাকেন্দ্র’ উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।খুলনা কর অঞ্চলের কমিশনার মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআরের সদস্য (আয়করনীতি) সৈয়দ মো. আমিনুল করিম, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি রুস্তম আলী মৃধা প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠান শেষে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন খুলনা কর ভবনে ‘কর তথ্য ও সেবাকেন্দ্র’ উদ্বোধন করেন। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আয়কর কর্মকর্তা, খুলনা অঞ্চলের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কর আইনজীবী সমিতির সদস্য, খুলনা চেম্বারের পরিচালকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।