আয়কর নিয়ে ব্যস্ততার মাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল সেপ্টেম্বর মাস। আয়কর বিবরণী দাখিল করাসহ আয়কর দেওয়ার মাস। প্রতিবছরের মতো এবারও ব্যক্তিশ্রেণীর করদাতা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের তৎপরতা বেড়ে গেছে। নিয়মানুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময়। মূলত আগের করবর্ষের (জুলাই-জুন) আয়ের ওপর কর দেন করদাতারা। তবে জুলাই ও আগস্ট মাসে আয়কর বিবরণী জমা দেওয়ার চাপ থাকে না। সেপ্টেম্বর মাসে বিবরণী জমা দেওয়ার হিড়িক পড়ে। যাঁদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে, তাঁদের সবারই বাধ্যতামূলকভাবে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে হয়। এতে সম্পদের বিবরণীও থাকে। আর করযোগ্য আয় থাকলে আয়ের স্তর অনুযায়ী কর দিতে হয়। ব্যক্তিশ্রেণীর করদাতাদের একটি বড় অংশ হলো চাকরিজীবী। এনবিআর সূত্রে জানা গেছে, প্রতিবছর যে সংখ্যক আয়কর বিবরণী জমা পড়ে, তার অর্ধেকের বেশি চাকরিজীবী। সেপ্টেম্বর মাসজুড়েই আয়কর বিবরণী সংগ্রহ, পূরণ, আয়-ব্যয়ের হিসাব-নিকাশে ব্যস্ত থাকেন এই নির্ধারিত আয়ের চাকরিজীবীরা। আবার অনেকে কর আইনজীবী বা পরামর্শকের শরণাপন্ন হন। বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের বার্ষিক বেতন-ভাতার হিসাব-নিকাশও করতে হয়। তাই এসব প্রতিষ্ঠানে বাড়তি ব্যস্ততা থাকে। বর্তমানে ৩৩ লাখ টিআইএনধারী রয়েছেন। কিন্তু বছর শেষে এক-তৃতীয়াংশ টিআইএনধারী বিবরণী বা রিটার্ন জমা দেন। কয়েক বছর ধরে কম-বেশি ১০ লাখ টিআইএনধারী আয়কর বিবরণী জমা দিচ্ছেন। এ বছরও স্বনির্ধারণী ও সর্বজনীন পদ্ধতিতে আয়কর বিবরণী জমা দেওয়া যাবে। এ ছাড়া সরাসরি কর অঞ্চলের নির্ধারিত সার্কেল কার্যালয়ে কিংবা অনলাইনে বিবরণী জমা দেওয়ারও সুযোগ আছে। মোটাদাগে বার্ষিক আয় দুই লাখ টাকার বেশি হলেই কর দিতে হবে। এনবিআরের আয়কর বিভাগের সদস্য এম এ কাদের সরকার প্রথম আলো বলেন, ‘আয়কর বিবরণী জমা দেওয়ায় উৎসাহিত করতে প্রতিবারের মতো এবারও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। হয়রানি কমাতে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি কর পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। আয়কর মেলায় করদাতাদের সুবিধার্থে তাৎক্ষণিক কর নিরূপণ ও টাকা নেওয়া হবে। আর সেবা পাওয়া যাবে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে।’ আয়কর প্রদানে উৎসাহিত করার জন্য এবারও ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয়ভাবে জাতীয় আয়কর দিবস পালিত হবে। গতবারের মতো এবার আয়করদাতাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে। সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় ধরে কর দেন এমন করদাতা—এই দুই ক্যাটাগরিতে সম্মাননা দেবে আয়কর বিভাগ।এ ছাড়া এবার আয়কর মেলা বিভাগীয় শহরের বাইরে বড় জেলা শহরে অনুষ্ঠিত হবে। ১৬-১৭ সেপ্টেম্বর এই মেলা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগীয় শহরের পাশাপাশি আরও ১২টি জেলা শহরে মেলা হবে। এগুলো হলো: ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, যশোর, কুমিল্লা, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, বগুড়া ও গাজীপুর। ২০১১-১২ অর্থবছরে সময় বাড়ানোর আবেদনকারীসহ ১০ লাখ ৫৬ হাজার ৪৫২ জন আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। আর এর আগেরবার সময় বাড়ানোর আবেদনসহ বিবরণী জমা দিয়েছিলেন নয় লাখ দুই হাজার পাঁচজন টিআইএনধারী। ২০০৯-১০ অর্থবছরে সাত লাখ ৫৭ হাজার ৯৬৪ জন তাঁদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর ২০০৮-০৯ অর্থবছরে ছয় লাখ ৫৬ হাজার ১৯৩ জন ব্যক্তিশ্রেণীর করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। এর আগের বছর ছয় লাখ ৪৫ হাজার ৬১৭ জন আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। আর ২০০-০৬ অর্থবছরে এর সংখ্যা ছিল পাঁচ লাখ ৩৫ হাজার ৯৯৪।