আয়কর বিবরণী জমা বেড়েছে ৪০ শতাংশ
গতবারের চেয়ে চলতি করবর্ষে ৪০ শতাংশের আয়কর বিবরণী বা রিটার্ন জমা পড়েছে। আর ব্যক্তিশ্রেণির রিটার্ন জমার বিপরীতে আয়কর আদায় হয়েছে তিন গুণের বেশি।
চলতি করবর্ষে (২০১৬-১৭) ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭ জন তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। এতে আয়কর আদায় হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকা। গতবার ৮ লাখ ১৫ হাজার করদাতা রিটার্ন দিয়ে ১ হাজার ৮৩ কোটি টাকা কর দিয়েছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
>এবার মোট ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭ জন তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন
এদিকে সময়মতো আয়কর বিবরণী জমা দিতে না পেরে সময় বৃদ্ধি করার আবেদন করেছেন ১ লাখ ৫১ হাজার ৮৮৯ জন কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন)। এর মানে হলো, তাঁরা আয়কর বিবরণী জমা দেবেন। সেই হিসাবে সব মিলিয়ে প্রায় ১৩ লাখ করদাতা এ বছর বার্ষিক আয়কর বিবরণী জমা দেবেন বলে ধরে নিয়েছে এনবিআর। এ ছাড়া নির্ধারিত করের ওপর মাসে ২ শতাংশ সুদ দিয়েও অনেক করদাতা তাঁদের আয়কর বিবরণী জমা দেওয়ার সুযোগ পাবেন।
এনবিআর সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে সাড়ে ৪ লাখের বেশি ব্যক্তি টিআইএন নিয়েছেন। এখন মোট টিআইএনধারীর সংখ্যা পৌঁছাল ২৪ লাখ ৪১ হাজার ৬৫৩। গত জুন মাস শেষে ১৯ লাখ ৭৯ হাজার ১৮৯ জন টিআইএনধারী ছিলেন।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, রাজস্ব উন্নয়নের অক্সিজেন। সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রচুর অভ্যন্তরীণ সম্পদ দরকার। দেশের নাগরিকেরা এ রূপকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করতে চান। আয়কর মেলা, আয়কর সপ্তাহ ও আয়কর দিবসে করদাতাদের অংশগ্রহণ এর প্রমাণ।